হারের অজুহাত বানিয়ে রাখছেন না মিসবাহ
নিউজিল্যান্ড সফরে কোভিড পজিটিভ হয়েছেন পাকিস্তান দলের ১০ ক্রিকেটার। দলে করোনার হামলায় ১৪ দিনের কঠিন কোয়ারেন্টিন করতে হয়েছে সফরকারীদের। অনুশীলন কিংবা কোনো ক্রিকেটীয় কার্যক্রমে যুক্ত হতে পারেননি বাবর আজমরা। সিরিজ শুরুর আগে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের কোচ মিসবাহ-উল-হক বলেছেন, এটিকে বড় অজুহাত হিসেবে দেখাতে চান না।
তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে খেলোয়াড়, কোচ এবং অন্যান্য স্টাফ মিলিয়ে ৫৩ সদস্যের বহর নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছে পাকিস্তান। ক্রাইস্টচার্চে পৌঁছানোর পরই তাদের একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছে নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়। এতসংখ্যক খেলোয়াড়ের শরীরে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়ায় পাকিস্তান দলের কোয়ারেন্টিন হয়েছে খুবই কঠিন।
লম্বা সময় অনুশীলনের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই কিছুটা পিছিয়ে থেকে কিউইদের বিপক্ষে সিরিজ শুরু করতে হবে পাকিস্তানকে। সফরে পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ভালো না হলে কোয়ারেন্টিনকে অজুহাত হিসেবে দেখতে চান না মিসবাহ, ‘দোষারোপের ব্যাপার নয় এটা। একজন পেশাদার হিসেবে আমরা অজুহাত খুঁজছি না। যতই অজুহাত দেওয়া হোক, দিন শেষে ফলই সব। যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, সে ব্যাপারে আমাদের কিছু করার নেই। আমরা যেটা করতে পারি, যে সময়টা হারিয়ে ফেলেছি, সেটা কীভাবে পুষিয়ে নিতে পারি। ফিটনেস ও দক্ষতায় উন্নতি এনে ছন্দ ফিরে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টাই করছি।’
কোয়ারেন্টিনের সময়ে মানসিক ও শারীরিকভাবে কতটা ধকল যায়, সেটি বলাই বাহুল্য। হোটেলবন্দী থেকে যে দুই সপ্তাহ হারিয়ে গেছে, সেটি পুষিয়ে নিতে বেশ আত্মবিশ্বাসী মিসবাহ, ‘তিন সপ্তাহর অনুশীলন পরিকল্পনামাত্র এক সপ্তাহে বাস্তবায়ন করা কঠিন, তবে অসম্ভব নয়। টি-টোয়েন্টি সিরিজ খেলতে অকল্যান্ডে যাওয়ার আগে আমরা খুব ভালো অবস্থায় ফিরতে চাই।’
তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু ১৮ ডিসেম্বর, অকল্যান্ডে। দ্বিতীয়টি ২০ ডিসেম্বর হ্যামিল্টনে আর তৃতীয়টি ২২ ডিসেম্বর নেপিয়ারে। হাতে মাত্র এক সপ্তাহ—এ সময়ে পাকিস্তান কতটা প্রস্তুত হতে পারবে, সেটি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অন্যদিকে স্বাগতিক নিউজিল্যান্ড এখন খেলার মধ্যেই আছে। এই মুহূর্তে কিউইরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে টেস্ট সিরিজ। ঘরের মাঠে খেলছেও তারা দুর্দান্ত।
মিসবাহ আশাবাদী, তাঁরা ভালো ফল নিয়েই ফিরবেন দেশে, ‘নিউজিল্যান্ড খুব কঠিন প্রতিপক্ষ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধারাবাহিক ভালো খেলছে। দুর্দান্ত তাদের বোলিং আক্রমণ। তাদের ব্যাটসম্যানরা জানে এই কন্ডিশনে কীভাবে খেলতে হয়। নিজেদের সর্বশেষ সিরিজগুলো যেভাবে খেলেছি, আমরাও আত্মবিশ্বাসী। আমাদের ভালো বোলিং আক্রমণ আছে। আশা করি ভালো ফলই পাব এখানে।’