হারের আগে উইলিয়ামসের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শন উইলিয়ামস: ১১৯ রান
শন উইলিয়ামস: ১১৯ রান

ক্রিজে যখন নামছিলেন, ইনিংস পরাজয় এড়াতেই জিম্বাবুয়ের দরকার আরও ২৮৮ রান। উইকেট বাকি শুধু লেজের দিকের চারটি। শন উইলিয়ামসের পক্ষে এই টেস্টে দ্বিতীয়বার নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে নামানো দুরূহ কাজই ছিল। তবু চেষ্টা করেছেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার, দুর্দান্ত সেঞ্চুরিও করেছেন। কিন্তু তাতে লাভ হয়নি। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম টেস্টটা চার দিনের মধ্যেই ইনিংস ও ১১৭ রানে হেরে গেছে জিম্বাবুয়ে।
তৃতীয় দিন জিম্বাবুয়েকে ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখানো ক্রেইগ আরভিন কাল দিনের নবম বলেই আউট। এরপরই ক্রিজে এলেন উইলিয়ামস। এই টেস্টে জিম্বাবুয়ের সবচেয়ে সুন্দর সময়টাও এল তখনই। সপ্তম উইকেটে অধিনায়ক গ্রায়েম ক্রেমারের সঙ্গে মিলে করলেন ১১৮ রান। ক্রেমার ৩৩ রান করে ফিরে গেলেও উইলিয়ামসের লড়াই চলে আরও কিছুক্ষণ। কিন্তু ১১৯ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে এই বাঁহাতি অলরাউন্ডার আউট হতেই শেষ জিম্বাবুয়ের সংগ্রাম। বাকি আনুষ্ঠানিকতা নিউজিল্যান্ড সেরে নিল ৫.৫ ওভারে।

বড় জয় দিয়েই শুরু হলো কেন উইলিয়ামসনের অধীনে কিউইদের টেস্ট-যাত্রা। বিদেশের মাটিতে তাদের এর চেয়ে বড় জয় আছেই আর একটি, ২০০৫ সালে। জিম্বাবুয়ের বিপক্ষেই, ইনিংস ও ২৯৪ রানে। ক্রিকইনফো।

জিম্বাবুয়ে: ১৬৪ ও ৭৯ ওভারে ২৯৫ (উইলিয়ামস ১১৯, আরভিন ৫০, রাজা ৩৭; বোল্ট ৪/৫২)। নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫৭৬/৬ ডি. (টেলর ১৭৩*, ওয়াটলিং ১০৭, ল্যাথাম ১০৫, উইলিয়ামসন ৯১)।

ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: রস টেলর।