হারের জন্য পারিশ্রমিক বিরোধ দায়ী নয়, বলছেন ওয়ার্নার

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার টেস্ট হারের কারণ হিসেবে স্টিভেন স্মিথদের সঙ্গে বোর্ডের পারিশ্রমিক নিয়ে বিরোধকে দায়ী করছেন অনেকেই। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমই এ নিয়ে সবচেয়ে সরব। তাদের মতে, বোর্ডের সঙ্গে পারিশ্রমিক নিয়ে দীর্ঘকাল বিরোধের কারণে বাংলাদেশ সফরের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি স্টিভেন স্মিথের দল। কিন্তু অভিযোগটা নাকচ করে দিলেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে এসিএর আর্থিক বিষয় নিয়ে ১০ মাস বিরোধের পর চলতি আগস্টের শুরুতে নতুন চুক্তিপত্রে সই করতে সম্মত হন খেলোয়াড়েরা। এর মধ্যে বিরোধের শেষ দিকে নিজেদের ‘বেকার’ ঘোষণা করেছিলেন ওয়ার্নাররা। এ সময় ধর্মঘটে থাকায় তাঁরা কোনো অনুশীলনও করেননি। এতে শঙ্কায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ, ভারত সফরসহ অ্যাশেজও। শেষ পর্যন্ত ডারউইনে কয়েক দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ সফরে আসেন স্মিথ-ওয়ার্নার। পারিশ্রমিক বাড়িয়ে নতুন চুক্তির পর মাঠে নেমে স্মিথদের টেস্ট হার, সেটাও আবার বাংলাদেশের বিপক্ষে।
কিন্তু ওয়ার্নার এ হারের নেপথ্যে বোর্ডের সঙ্গে আর্থিক বিরোধের জন্য স্বল্প সময়ের প্রস্তুতিকে দায়ী করতে নারাজ। তাঁর যুক্তি, ‘আমাদের প্রস্তুতি কিংবা মানসিকতায় এমওইউ (সমঝোতা চুক্তি) কোনো ভূমিকা রেখেছে বলে মনে করি না। ডারউইনে আমরা দারুণ সময় কাটিয়েছি। সমস্যা কাটিয়ে উঠতে তাদের আতিথেয়তা ছিল একেবারেই আলাদা।’
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) সঙ্গে যোগাযোগ করেছিল দেশটির সংবাদমাধ্যম। কিন্তু খেলোয়াড়দের এ সংগঠন হার নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।