হারের দায়িত্ব নিচ্ছেন এনরিকে

জাভি হার্নান্দেজ এই ম্যাচটিকে মনে রাখবেন যুগপৎ আনন্দ আর কষ্টের অনুভূতির ভেতর দিয়ে। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশিবার মাঠে নামার ব্যাপারটি যদি তাঁর জন্য হয় আনন্দের উপলক্ষ, একই ম্যাচে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজি) কাছে বার্সেলোনার হার তাঁর কাছে ভুলে যাওয়ার মতোই এক ব্যাপার। ম্যাচটি ভুলে যেতে চাইবেন বার্সা-সংশ্লিষ্ট সবাই। যে শঙ্কাটা বাতাসে ভেসে বেড়াচ্ছিল, সেটাই যে সত্যি হলো। লিওনেল মেসির দল হেরে গেছে ৩-২ গোলে।
এই ম্যাচে হারের সব দায়িত্বই ম্যাচ শেষে নিজের কাঁধে তুলে নিয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে, ‘আমি কোনোমতেই এই হারের জন্য খেলোয়াড়দের দোষ-ত্রুটি খোঁজার চেষ্টা করব না। যখন কোনো দল হারে, তখন পুরো দলের সবাই দায়ী থাকে। এই হারের দায়ভার আমারও।’
খেলার ১০ মিনিটেই বার্সার জালে এই মৌসুমে প্রথম বলটি পাঠান পিএসজির ব্রাজিলীয় তারকা ডেভিড লুইজ। হাভিয়ের মাচেরানোর বোকা হয়ে দৃশ্যটি দেখা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। ৬৪০ মিনিট পর এই প্রথম গোল হজম করল ন্যু ক্যাম্পের দলটি।
গোল খেয়ে পিছিয়ে পড়ার দুই মিনিটের মধ্যেই অবশ্য বার্সেলোনাকে সমতায় ফেরান মেসি। চ্যাম্পিয়নস লিগে নিজের ৬৮তম গোলটি তিনি করেন আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে দেওয়া-নেওয়া খেলে। কোনাকুনি শটে করা মেসির এই গোলটি চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার ৫০০তম গোল।
২৭ মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। মোত্তার কর্নার থেকে দারুণ হেডে বার্সার জালে বল জড়িয়ে দেন মার্কো ভেরাত্তি। এই গোলটিও প্রায় অরক্ষিত অবস্থায় করেন মোরাত্তি। কালকের ম্যাচে মূলত রক্ষণ-দুর্বলতাই বার্সেলোনাকে পিছিয়ে দিয়েছিল অনেকখানি। ৫৪ মিনিটে পিএসজিকে ৩-১ গোলে এগিয়ে নেন মাতুইদি। ফন ডান উইলের ক্রসে পা ছুঁইয়ে করা মাতুইদির গোলটিই মোটামুটি নিশ্চিত করে দেয় কাতালানদের হার। সর্বশেষ নয়টি অ্যাওয়ে ম্যাচে এটি বার্সেলোনার পঞ্চম হার। ৫৬ মিনিটে নেইমার অবশ্য ব্যবধান কমিয়েছিলেন। কিন্তু ততক্ষণে তো যা সর্বনাশ হওয়ার হয়েই গেছে।
পুরো খেলাতেই নিজ দলের রক্ষণের ভুলগুলো যথেষ্ট বিচলিত করেছে কোচ লুইস এনরিকেকে, ‘এই ম্যাচে আমাদের রক্ষণ ভয়াবহ সব ভুল করেছে। তারা কোনোভাবেই রক্ষণব্যূহ থেকে বল ক্লিয়ার করে দিতে পারছিল না।’ পিএসজির প্রশংসা ঝরেছে এনরিকের কণ্ঠে, ‘সেট পিসে দলটি দুর্দান্ত। আমরা বুঝে গিয়েছি, তারা কতদূর যেতে পারে। আমার তো মনে হয় এবারের চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম ফেবারিট তারাই।’
ম্যাচের শেষ দিকে অবশ্য পিএসজিকে ভালোই চেপে ধরেছিল বার্সেলোনা। মুহুর্মুহু আক্রমণে পিএসজিকে পেছনে টেনে নিয়ে গেলেও গোলের দেখাটাই কেবল পায়নি বার্সেলোনা। ম্যাচের শেষ অংশে নিজ দলের খেলার প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, শেষের দিকে সমতায় ফিরতে না পারাটা দলের দুর্ভাগ্যই, ‘হ্যাঁ, পিএসজিকে শেষের দিকে চেপে ধরেও সমতায় ফিরতে পারলাম না। ব্যাপারটা দুর্ভাগ্যই। আমার মনে হয়, ড্র হলেই ম্যাচটার প্রতি সুবিচার হতো।’ সূত্র: এএফপি।