সিডনি থান্ডারের স্পটলেস স্টেডিয়ামে কাল দর্শক হয়েছে সাড়ে ৫ হাজার। অধিকাংশই প্রবাসী বাংলাদেশি। উৎসাহী দর্শকদের অবশ্য ফিরতে হয়েছে বিরস মুখে। ২ ওভার বাকি থাকতে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি জিতে গেছে থান্ডার।
অবাক করা ব্যাপার, থান্ডারের জয় নিশ্চিত হওয়ার পরও খেলা হয়েছে ২ ওভার বেশি। মানে ম্যাচ হয়েছে পুরো ২০ ওভারেরই। দুই দলেরই নিজেদের ঝালিয়ে নেওয়াটাই যে ছিল মুখ্য উদ্দেশ্য। বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড সফর আর স্বাগতিকদের সামনে বিগ ব্যাশ।
থান্ডারের দায়িত্ব ছেড়ে ২০১৪ সালের জুনে বাংলাদেশের কোচ হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। নিজের সাবেক দলের বিপক্ষে একটু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন হাথুরু। মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রাম দিয়ে অধিনায়ক করেন মুশফিকুর রহিমকে। খেলাননি সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজকে। পূর্ণ শক্তির বাংলাদেশ না খেললেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার যোগ্য খেলোয়াড়েরা নিশ্চয়ই ছিলেন। কিন্তু সেটা হলো কই? টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ রানে আউট ওপেনার ইমরুল কায়েস। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকা বাংলাদেশের সামনে অলআউট হওয়ার শঙ্কাও জাগে একটা সময়। প্রথম ১০ ওভারে রানরেট ৫-এর নিচে। পরে নুরুল হাসানের ৩৫ রানের সৌজন্যে বাংলাদেশ ৮ উইকেটে তুলতে পারে ১২২।
টি-টোয়েন্টিতে এটা একেবারেই মামুলি লক্ষ্য। থান্ডারের দুই ওপেনারই তুলে ফেলেন ৪৮ রান। ৩২ রানের মধ্যে তাদের ৪ উইকেট পড়লেও এউইন মরগান-অর্জুন নায়ার ‘অবিচ্ছিন্ন’ পঞ্চম উইকেট জুটিতে ৪৩ রান যোগ করে দলকে জিতিয়ে দেন। অবিচ্ছিন্ন শব্দটিকে ঊর্ধ্ব কমায় বাঁধার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন। তানভীর হায়দারের করা ১৮তম ওভারে ম্যাচ শেষ হওয়ার পর মরগানকে এলবিডব্লু করেছেন রুবেল। শেষ ওভারে কামরুলের বলে সাব্বিরের দুর্দান্ত ক্যাচ হয়েছেন নায়ার। রুবেল নিয়েছেন ২৭ রানে ৩ উইকেট।
থান্ডারের কাছে হেরে সৌম্য-সাব্বিররা বুঝেছেন নিউজিল্যান্ডের কন্ডিশনে বড় পরীক্ষা অপেক্ষা করছে তাঁদের জন্য। অস্ট্রেলিয়ায় আর কোনো প্রস্তুতি ম্যাচ নেই বাংলাদেশের। তবে আজ সকালে অনুশীলন করবে তারা। কাল সকাল ১০টায় তাসমান সাগর পাড়ি দিয়ে মাশরাফির দল চলে যাবে নিউজিল্যান্ডে। সেখানে একটি প্রস্তুতি ওয়ানডে ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে শুরু ওয়ানডে সিরিজ।