হারের যন্ত্রণা নিয়েই আবার মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওটা সালেহ আহমেদ না!
সতীর্থদের সঙ্গে নিকুঞ্জ বড় মসজিদ থেকে মাত্রই জুমার নামাজ শেষে বেরিয়েছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই বাঁহাতি স্পিনারকে চেনাই যাচ্ছিল না। বিষণ্ন আর হতাশায় আলুথালু। আগের রাতে ঘুমটাও বোধ হয় ঠিকমতো হয়নি। মুখে কোনো ঔজ্জ্বল্যই নেই।
কোথায় সেই আমুদে সালেহ? যিনি কিনা সব সময় ঠাট্টা-রসিকতায় মাতিয়ে রাখেন ড্রেসিংরুম। দলকে চাঙা রাখতে যাঁর জুড়ি নেই। কদিন আগে কক্সবাজারে সালেহ বলেছিলেন, ‘কারও মন খারাপ থাকলে তার সঙ্গে দুষ্টুমি করি। তখন ওর মনটা ভালো হয়ে যায়।’ এখন সালেহর মনটা ভালো করবে কে?
সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর দলের সবার অবস্থাই এ রকম। তবে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন বোধ হয় সালেহ। নিজেকে নাকি ‘অপরাধী’ ভাবছেন তিনি! ক্যারিবীয় ওপেনার গিডরন পোপের ওই লোপ্পা ক্যাচটা হাতছাড়া করার ঘটনাটা কিছুতেই ভুলতে পারছেন না। যদিও পোপ দুই ওভার পরেই আউট হয়েছেন। কোচ মিজানুর রহমান অনেক চেষ্টা করেছেন সালেহ যাতে খেলার মধ্যে হতোদ্যম না হয়ে পড়েন। বাংলাদেশ যুবদলের কোচ বললেন, ‘ও (সালেহ) ভাবছে ওর জন্য বুঝি এমনটা হয়েছে। আর সেটা ভেবে হয়তো কষ্ট পাচ্ছে। ওই সময় বারবার বার্তা পাঠিয়েছি, “কিচ্ছু হয়নি। তুই-ই আমাদের ম্যাচ জেতাবি।” ওই তো আমাদের মূল স্পিনার। কাল (পরশু) আরও ভালো করতে পারত। তবুও সে ৩ উইকেট পেয়েছে। অল্প বয়স তো...সব ঠিক হয়ে যাবে।’
বড় স্বপ্ন নিয়েই ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। পরশু থেমে গেল সেই জয়যাত্রা, সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে। দলের পরাজয়ের পেছনে মিজান বড় করে দেখছেন বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতাকে, ‘সবার আশা ছিল, খেলোয়াড়েরাও অনেক পরিশ্রম করেছিল। দারুণ কিছু করার সামর্থ্যও ছিল ওদের। কিন্তু হলো না। ক্রিকেটে এমনটা হতেই পারে। কাল (পরশু) ২২৬ করার পরও বিশ্বাস ছিল এই রানেও জিততে পারব। আসলে তিনটি বিভাগেই আমরা খারাপ করেছি। বোলিংটা আরও ভালো হতে পারত। তবে ফিল্ডিং নিয়েই বেশি হতাশ। এর আগের চার ম্যাচে যেভাবে ফিল্ডিং করেছিলাম, এই দিন সেভাবে হয়নি।’
সেমিফাইনালে হারের যাতনা উপশম না হতেই বাংলাদেশকে আবার নামতে হচ্ছে মাঠে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফতুল্লায় আজ মেহেদী হাসান মিরাজদের সামনে শ্রীলঙ্কা। কাল সকালে লঙ্কানরা অনুশীলন করলেও বাংলাদেশ করেনি। জুমার নামাজের পর স্থানীয় এক রেস্তোরাঁয় খাওয়ার সময়টুকু বাদে পুরোটা সময়ই তাঁরা ছিলেন হোটেলবন্দী। এমন একটি হারের পর দলকে উদ্বুদ্ধ করা বেশ কঠিন, তবে মিজান চাইছেন সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিয়েই মাঠে নামবেন খেলোয়াড়েরা, ‘খেলাকে খেলা হিসেবেই নিতে হবে। এখানে জয়-পরাজয় থাকবে। ভেঙে পড়লে চলবে না। এমন তো নয়, জীবন শেষ হয়ে গেছে!’
কাল খেলোয়াড়েরা যখন হেঁটে হোটেলে ফিরছিলেন, তাঁদের পাশে উৎসুক জনতার ভিড়। মেহেদী, নাজমুল হোসেন, জাকির হাসানরা এই কদিনে ভীষণ পরিচিত মুখ হয়ে উঠেছেন সবার কাছে। ফাইনালে না ওঠায় মানুষের মধ্যে আফসোস হয়তো আছে, তবে মেহেদীদের নিয়ে গর্বও তাঁদের কম নয়। যুব বিশ্বকাপে এটাই যে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।