হারের সঙ্গে শ্রীলঙ্কার অন্য কলঙ্কও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কাছে দল হেরেছে ১৩৫ রানে। এর সঙ্গে যোগ করুন দর্শক হাঙ্গামায় আধঘণ্টার জন্য খেলা বন্ধ থাকা। পরশু তৃতীয় ওয়ানডেতে বড় লজ্জাই পেল শ্রীলঙ্কার ক্রিকেট। এমনিতে ভদ্র দর্শক হিসেবেই সুনাম শ্রীলঙ্কানদের। সেই দর্শকেরাই পরশু লঙ্কাকাণ্ড বাধাল গ্যালারিতে। ৩১৭ রানের লক্ষ্য, ১৫৮ রানেই নেই শ্রীলঙ্কার ৭ উইকেট। সমস্যা হলো তখনই।
তবে দলের খেলায় ক্ষুব্ধ হয়ে নয়, প্রেমাদাসার দক্ষিণ-পূর্ব গ্যালারিতে দুই দল দর্শক সংঘর্ষে জড়াল নিজেদের মধ্যে। চলেছে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ। একটি পাথরখণ্ড সীমানাদড়ির কাছে এসে পড়তেই খেলা বন্ধ করে দিলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। এরপর গ্যালারির ওই অংশটা ফাঁকা করে আবার শুরু ম্যাচ।
পাকিস্তান করেছিল ৪ উইকেট ৩১৬। সর্বোচ্চ ৭৭ রান সরফরাজ আহমেদের, সর্বনিম্ন ৩৫ রিজওয়ানের। ওয়ানডেতে এই প্রথম পাকিস্তানের প্রথম ছয় ব্যাটসম্যানই কমপক্ষে ৩৫ রান পেলেন। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১-এ এগিয়ে গেল পাকিস্তান। ক্রিকইনফো।