হার্মারে থমকে দাঁড়াল উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেন পিট, স্টিয়ান ফন জিল, টেম্বা বাভুমা, সাইমন হার্মার। সর্বশেষ চার টেস্টে চার নতুন খেলোয়াড়। প্রতি ম্যাচে একজনকে টেস্ট ক্যাপ দেওয়াটাকে রীতিই বানিয়ে ফেলছে দক্ষিণ আফ্রিকা। গত আগস্টে হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম বলেই উইকেট নেওয়া অফ স্পিনার পিট দুই ইনিংসে নিয়েছিলেন ৪টি করে উইকেট। সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেকেই সেঞ্চুরি পেয়ে যান ফন জিল। বৃষ্টিতে পণ্ড হওয়া দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া বাভুমা অবশ্য স্মরণীয় করতে পারেননি অভিষেকলগ্ন, করেছিলেন মাত্র ১০ রান। তবে কাল কেপটাউনে ক্যারিয়ারের প্রথম টেস্টটাকে নিশ্চিত করেই ভুলবেন না হার্মার। টেস্ট ক্যারিয়ারের প্রথম দিনে দারুণ বোলিংয়ে তুললেন ৩ উইকেট। ২৫ বছর বয়সী অফ স্পিনারই প্রথম দিনের সেরা বোলার।
টস জিতে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কাটা অবশ্য দিয়েছেন ডেল স্টেইন। পোর্ট এলিজাবেথে উইকেটশূন্য থাকা এই ফাস্ট বোলার গালিতে ডিন এলগারের ক্যাচ বানিয়েছেন ক্রেগ ব্রাফেটকে। ক্ষতিটা সামলেই নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। লিওন জনসনকে নিয়ে ডেভন স্মিথ দলের রান ৮০তে নেওয়ার পরই হার্মারের প্রথম উইকেট। লেগ স্পিনার ইমরান তাহিরের পরিবর্তে দলে ঢোকা হার্মারের খাটো লেংথের বলটাকে কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান স্মিথ। লাঞ্চের আগে এটাই ছিল শেষ বল।
১২ ওভার পর জনসনকে দারুণ এক বলে এলবিডব্লু করা হার্মার তৃতীয় উইকেট পেয়েছেন শিবনারায়ণ চন্দরপলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে। এর আগে অবশ্য স্যামুয়েলসকে আউট করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটা পেয়ে গেছেন ফন জিল।
৫ উইকেটে ১৭২ থেকে ওয়েস্ট ইন্ডিজের রান দিন শেষে ৬ উইকেটে ২৭৬। যাতে বড় অবদান জার্মেইন ব্ল্যাকউড ও দিনেশ রামদিনের ৯৪ রানের ষষ্ঠ উইকেট জুটির। টেন ক্রিকেট, ক্রিকইনফো।