হাসপাতালে তাসকিন, প্রথম টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা
পাকিস্তান ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ের সময় ডানহাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তাসকিন আহমেদ। পরে অবশ্য মাঠে নেমে ২ ওভার বল করেন।
কিন্তু ম্যাচ শেষে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, চোটের জায়গায় সেলাই লাগবে বাংলাদেশের এ পেসারের।
বিসিবির একটি সূত্র তাসকিনের চোটের ব্যাপারে জানিয়েছে, ‘তাসকিনকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বল করার হাতে ব্যথা পেয়েছেন তাসকিন। স্ক্যানের পর জানা যাবে আঘাতের মাত্রা কতটুকু।’
নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে বিপদ ডেকে আনেন বাংলাদেশ দলের এই ফাস্ট বোলার। পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের ড্রাইভ থামাতে ডান হাত বাড়িয়ে দেন তাসকিন।
এরপর ব্যথায় হাত চেপে ধরে মাঠ ছাড়েন করেন তিনি। চোটের ধরন দেখে প্রথমে গুরুতর মনে হলেও তাসকিন পরবর্তীতে মাঠে ফেরেন, ৩.১ ওভার বল করে কোনো উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ১৬। বাংলাদেশ দল অবশ্য শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচটি হেরেছে।
পাকিস্তানের বিপক্ষে আগামী ২৬ নভেম্বর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। চোটের কারণে প্রথম টেস্টে খেলবেন কিনা সেটি নিয়ে এখন শঙ্কা তৈরি হলো।