ব্যাট করবেন না সাকিব
>♦ আঙুলে চোট পেয়েছেন সাকিব
♦ পরীক্ষার জন্য সাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে।

৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে বলটা থামাতে গিয়ে পড়ে গেলেন সাকিব আল হাসান। ছুটে এলেন ফিজিও। ড্রেসিংরুম নয় সাকিবকে সোজা নিয়ে যাওয়া হলো বিসিবির মেডিকেল রুমে। সর্বশেষ যে খবর হলো্, এই ম্যাচে সাকিব ব্যাট করতে পারবেন না ।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, সাকিব চোট পেয়েছেন বাঁহাতের কনিষ্ঠ আঙুলে। বাঁহাতি অলরাউন্ডারকে দ্রুত নেওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে। দেবাশিষ বললেন, ‘প্রথমে তাঁর এক্স–রে করা হবে। পরে সেলাই দিতে হবে। এই ম্যাচে সে আর খেলতে পারে কি না সন্দেহ আছে।’
সাকিবের বদলে ফিল্ডিং না হয় করেছেন নাসির হোসেন। কিন্তু তাঁর ব্যাটিংয়ে বদলি কাউকে নিশ্চয়ই নামানো যাবে না। ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনের দলই হয়ে গেল বাংলাদেশ!
আঙুলে সেলাই পড়লে প্রথম টেস্টের আগেও সেরে উঠতে পারবেন কি না, সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘এক্স-রেতে ফ্র্যাকচার ধরা পড়েনি, তবে সেলাই লেগেছে। এই ম্যাচ তো খেলতেই পারবে না, সাকিব প্রথম টেস্টের আগে সেরে উঠতে পারবে কি না নিশ্চিত নই।’
৩১ জানুয়ারি চট্টগ্রামে শুরু প্রথম টেস্ট।