হাসান আলীর বৃহস্পতি এখন তুঙ্গে!

আন্তর্জাতিক ক্রিকেটে হাসান আলীর পদচারণ খুব বেশি দিনের নয়। এই তো গত বছর আয়ারল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন পাকিস্তানের এই পেসার। তারপর থেকেই ৫০ ওভারের ক্রিকেটে তিনি নিজেকে প্রমাণ করেই চলেছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন সমসমায়িক প্রায় সবাইকেই। এ বছর ওয়ানডেতে ১৭ ম্যাচে এখন পর্যন্ত ৪৩ উইকেট নিয়েছেন আলী।
শারজায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ৩ উইকেট নিয়ে দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন ২৩ বছর বয়সী এ তরুণ। ২৫ ওয়ানডেতে এ পর্যন্ত তাঁর উইকেটসংখ্যা ৫৪। আবুধাবিতে লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এ ম্যাচে নিজের চতুর্থ উইকেটটি নেওয়ার সঙ্গে সঙ্গে দারুণ এক কীর্তি গড়েন তিনি। আকিলা ধনঞ্জয়ার সেই উইকেট ছিল আলীর ওয়ানডে ক্যারিয়ারে ৫০তম শিকার; সেটাও মাত্র ২৪তম ম্যাচে! পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে এ মাইলফলক গড়লেন আলী। তিনি টপকে গেছেন ওয়াকার ইউনুসকে। ক্যারিয়ারের ২৭তম ম্যাচে এসে ৫০তম উইকেটের মুখ দেখেছিলেন এ কিংবদন্তি।
ওয়ানডের ইতিহাসে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কীর্তিও গড়লেন আলী। মাত্র ১৯ ম্যাচে এ কীর্তি গড়ে রেকর্ডটির মালিক শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। ২৩ ম্যাচে একই কীর্তি গড়ে যুগ্মভাবে দ্বিতীয় ভারতের অজিত আগারকার ও নিউজিল্যান্ডের মিচেল ম্যাক্লেনাঘান। ২৪তম ম্যাচে ৫০ উইকেট নিয়ে ডেনিস লিলির সঙ্গে আলী আছেন যৌথভাবে তৃতীয়।
ওয়ানডেতে এ বছর দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিদানও পেয়েছেন আলী। আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন তিনি (৭৪৩ রেটিং পয়েন্ট) শীর্ষস্থানে। ওয়ানডে অভিষেকের মাত্র ১৪ মাসের মধ্যে তাঁর শীর্ষস্থানে উঠে আসা সত্যিই চমক-জাগানিয়া। ওয়ানডেতে ম্যাচপ্রতি ৩ উইকেট কিংবা ৫ উইকেট করে শিকার তুলে নিতেও ভীষণ দক্ষ এই তরুণ। পরিসংখ্যান বলছে, পাকিস্তানের সর্বশেষ আট ম্যাচের সাতটিতেই ন্যূনতম তিনটি করে উইকেট নিয়েছেন তিনি। এ বছর মোট তিন ম্যাচে পাঁচটি করে উইকেট নিয়েছেন এই পেসার। পাকিস্তানের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে এক বর্ষপঞ্জিতে ন্যূনতম তিন ম্যাচে ৫টি করে উইকেট নেওয়ার কীর্তিও এখন তাঁর। হাসান আলীর আগে সর্বশেষ এ কীর্তি গড়েছিলেন শহীদ আফ্রিদি—২০১১ সালে।
সময়টা এখন পুরোপুরিই যে আলীর, সেটা বলে দেওয়াই যায়।