হাসানের নায়ক ফ্লিনটফ

এখন হয়তো আফগান ক্রিকেটের মুখ হয়ে উঠেছেন মোহাম্মদ নবী। তবে আফগানিস্তানের প্রথম ক্রিকেট তারকা কিন্তু হামিদ হাসান। গতি আর আগ্রাসী বোলিং দিয়ে নজর কেড়েছিলেন অনেক আগেই। বিশ্ব ক্রিকেটে সত্যিকার অর্থে তিনিই আফগানিস্তানের প্রতিনিধিত্বও করেছেন।
২০০৯ সালে সুযোগ পেয়েছিলেন এমসিসির হয়ে, প্রথম আফগান ক্রিকেটার হিসেবে খেলেছেন লর্ডসে। আলাদা করে নজর কেড়েছেন এই বিশ্বকাপেও। এতটাই যে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইট বিশাল এক একান্ত সাক্ষাৎকার নিয়েছে তাঁর। শুনিয়েছেন উঠে আসার গল্প। বলেছেন নিজের আদর্শ ক্রিকেটারের কথাও। এখন অনেক আফগান কিশোর, যুবার নায়ক হামিদ হাসান।
কিন্তু হাসানের নায়ক কে? অ্যান্ড্রু ফ্লিনটফ।
পেশোয়ারে উদ্বাস্তু শিবিরে বেড়ে ওঠা হাসানের উঠে আসার গল্পটা আর দশজন আফগান ক্রিকেটারের মতোই। জানাও আছে অনেকের। পাকিস্তানি ক্রিকেটাররাই তখন বেশির ভাগ আফগান ক্রিকেটারের নায়ক। কিন্তু হাসানের স্বপ্নের আকাশ অনেক বড় হয়ে গেল ফ্লিনটফকে দেখার পর, ‘অনেক অনেক ফাস্ট বোলারকে দেখতেই আমার ভালো লাগত। তবে ২০০৫ অ্যাশেজে একজনকে দেখার পর সত্যিকার অর্থেই দারুণ অনুপ্রাণিত হয়েছিলাম আমি—অ্যান্ড্রু ফ্লিনটফ। ওই অ্যাশেজে সে খেলেছিল নায়কের মতো। দ্রুতগতির আগ্রাসী বোলিং করেছে। যেভাবে খেলেছে, যেভাবে ব্যাটিং-বোলিং করেছে, এমনকি উদ্যাপন...সবকিছুই আমাকে দারুণ অনুপ্রাণিত করেছিল। বোলিং তো আমি করি, যদি তাঁর মতো ব্যাটিংও করতে পারতাম!’
ফ্লিনটফের মতো ব্যাটিং না পারলেও বোলিংয়ে আছে সেই আগ্রাসন। উদ্যাপনেও খ্যাপাটে প্রায়ই। শ্রীলঙ্কার বিপক্ষে কুমার সাঙ্গাকারার উইকেট নেওয়ার পর তো হয়ে গিয়েছিলেন যেন আত্মহারা। ক্যারিয়ারের সবচেয়ে দামি উইকেট বলে কথা! হাসানেরও গর্বের শেষ নেই, ‘আমি আসলে বুঝতে পারছিলাম না কী করা উচিত। সবাই জানে সাঙ্গা বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। ওর উইকেট পেয়ে চাইছিলাম পুরোপুরি উপভোগ করতে। পরে মাহেলা জয়াবর্ধনের উইকেটও নিয়েছিলাম। দারুণ গর্ব হয়েছে আমার, ভীষণ রোমাঞ্চিত ছিলাম। অদ্ভুত অনুভূতি!’
আফগান ক্রিকেটের শুরু থেকেই ছিলেন হাসান। তবে চোট নিত্যসঙ্গী বলে ২৭ বছর বয়সী পেসার খেলতে পেরেছেন মাত্র ২৭টি ওয়ানডে। টানা ২-৩ ম্যাচ খেলতে পেরেছেন খুব কম সময়ই। তবে এবার বিশ্বকাপে নিয়মিতই খেলতে পারছেন। ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। সহযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট (২৬ ম্যাচে) নেওয়ার রেকর্ডও তাঁর। আজ আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। হাসানের স্মরণীয় শিকারের তালিকাও লম্বা হতে পারে আরেকটু! ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট।