হাসি নেই সাকিবের ব্যাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হাতে ভালোই করছেন। কিন্তু কথা বলছে না ব্যাট। ছবি: শামসুল হক
বল হাতে ভালোই করছেন। কিন্তু কথা বলছে না ব্যাট। ছবি: শামসুল হক

লিগ পর্বের শেষ ধাপে বিপিএল। এ পর্যায়ে পা হড়কালেই সর্বনাশ! গাণিতিক সমীকরণে সব দলেরই সামনে যে শেষ চারে যাওয়ার হাতছানি। পয়েন্ট টেবিলের এই যখন অবস্থা, আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরে নিজেদের সমীকরণ আরও কঠিন করে ফেলল ঢাকা ডায়নামাইটস। পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে রংপুর পরের রাউন্ড ওঠা প্রায় নিশ্চিত।
অধিনায়ক সাকিব আল হাসান তবু তৃপ্ত নন হয়তো। মুখে জয়ের হাসি, কিন্তু এবারের বিপিএলে যে ব্যাট হাসছেই না সাকিবের। ৭ ম্যাচে করেছেন ৭৪ রান! দুই ম্যাচে অপরাজিত থাকার পরও গড়টা দেখে সাকিবই ভ্রু কোঁচকাবেন—১৪.৮০। সব মিলিয়ে সাতটি বাউন্ডারি, এর একটি মাত্র ছক্কা। সামনে বড় উপলক্ষে সব রান সাকিব জমিয়ে রেখেছেন হয়তো!
ঢাকার হারের ময়নাতদন্তে মোটাদাগে বেরিয়ে আসবে তিনটি কারণ—বাজে ফিল্ডিং, অতিরিক্ত রান আর তিনটি রান আউট। মিস ফিল্ডে সোহেল খান একাই উপহার দিলেন দুটি চার! বাউন্ডারি হলো মুস্তাফিজুর রহমানের হাত গলেও। অতিরিক্ত থেকেই রংপুরের এল ২৩ রান। ঢাকার বোলাররা ওয়াইড দিলেন ৮টি, লেগবাই থেকে হলো ১৫।
তবে রংপুরের জয়ে জহুরুল ইসলামের কথা না বললেই নয়। দলীয় ৭৪ রানে সাকিব আল হাসান ফিরে যাওয়ার পর খানিকটা চাপেই পড়েছিল রংপুর। সে চাপটা আলগা করে দিলেন জহুরুলই। খেললেন ২৬ বলে ৩৫ রানের কার্যকরী এক ইনিংস। ১৩৬ তাড়া করতে গিয়ে ভালো শুরু এনে দিয়েছিল সৌম্য সরকার-লেন্ডল সিমন্স। দুজনের উদ্বোধনী জুটিতে এল ৩৮। তবে রংপুরের জয়ে বড় ভূমিকা রেখেছে জহুরুল-ড্যারেন স্যামির চতুর্থ উইকেটে ৪৫ রান।
ঢাকার রান-আউট পর্ব শুরু ওপেনার সাদমান ইসলামকে দিয়ে। এ তালিকায় যোগ হলেন স্বয়ং ঢাকা অধিনায়ক সাঙ্গাকারাও। তবে মোসাদ্দেক হোসেনের রানআউটটি শিশুতোষ ছাড়া কিছু নয়। বল ছিল ওয়াইড। উইকেটরক্ষকের হাতে বল থাকার পরও দিলেন দৌড়! 

৩৯ রানে ৩ উইকেট হারিয়েও নাসিরকে নিয়ে চতুর্থ উইকেটে যেভাবে এগোচ্ছিলেন সাঙ্গা, ২০ ওভার শেষে সংগ্রহটা বড়ই হতে পারত। সাকিব আল হাসানের সরাসরি থ্রোতে ২৯ রানেই থামতে হলো লঙ্কান কিংবদন্তিকে। সাঙ্গাকারা-নাসিরের চতুর্থ উইকেটে ৪৫ রানই ঢাকার উল্লেখযোগ্য দিক। সাঙ্গার বিদায়ের খানিক পরে ড্রেসিংরুম ধরলেন নাসিরও। ঢাকার স্থানীয় ‘আইকন’ করলেন দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান।
নাসিরের রানআউট হাতছাড়া করায় অধিনায়ক সাকিবের বকা খেতে হলো শর্ট ফাইন লেগে ফিল্ডিং করা আরাফাত সানিকে। অবশ্য ২৯ রানে ২ উইকেট নিয়ে কাল রংপুরের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল সানিই। ১৬ রানে ১ উইকেটে ঢাকাকে চাপে রেখেছিলেন সাকিবও।
এ জয়ে রংপুরের শেষ চারের সম্ভাবনা আরও উজ্জ্বল হলেও ঢাকার সুযোগও ফুরিয়ে যাচ্ছে না। হাতে আছে ৩ ম্যাচ। তবে চাপটা আরও বেড়েই গেল ঢাকার।
সেদিক দিয়ে চা​পমুক্ত থাকার কথা সাকিবের। তবে মাঠে একবার এমন রূঢ়ভাবে মেজাজ হারালেন, বোঝা যাচ্ছে, সবকিছু পুরো উপভোগ করা হচ্ছে না তাঁর।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৩৫/৭ (শামসুর রহমান ৪, সাদমান ১৬, সৈকত ১৮, সাঙ্গাকারা ২৯, নাসির ৩০, টেন ডেসকাট ৬, মোসাদ্দেক ১৩, হাসান ২*, সোহেল ৮*; পেরেরা ০/২৫, জায়েদ ০/১৮, স্যামি ১/১৮, সাকিব ১/১৬, নবী ০/১৮, মুকতার ০/৬, সানি ২/২৯)
রংপুর রাইডার্স: ১৮.২ ওভারে ১৩৬/৪ (সিমন্স ১৮, সৌম্য ২১, জহুরুল ৩৫*, সাকিব ৮, স্যামি ২৩, পেরেরা ৮* ; ইরফান ১/২২, সোহেল০ /৩০, মুস্তাফিজ ১/৫, হাসান ২/২৫, সৈকত ০/৩১, নাসির ০/৮)
ফল: রংপুর ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম