হাস্যকর, শিশুতোষ, উদ্ভট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর হয়েছে বিপদ। একূল রাখবেন না ওকূল! ওয়ার্কিং কমিটির প্রধান এনায়েত হোসেন বলে দিয়েছেন, নির্বাচক কমিটির কাঠামোয় পরিবর্তন আসন্ন। বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন নতুন কাঠামো সম্পর্কে। কিন্তু প্রধান নির্বাচক ফারুক আহমেদ ব্যাপারটা মানতে পারছেন না। এই পরিস্থিতিতে বিসিবির মতো ‘কর্তা ভজা’ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কিছু বলতে বিব্রতবোধ করাটাই স্বাভাবিক।
কাল নিজের অফিসকক্ষে সাংবাদিকদের প্রশ্নের মুখে তাই মাঝামাঝি অবস্থান নিলেন নিজাম উদ্দিন। বোঝাতে চাইলেন ওয়ার্কিং কমিটির প্রধান নির্বাচক কমিটির নতুন চেহারা সম্পর্কে যা বলেছেন, পরশু রাতে সেই কমিটির সঙ্গে বসে প্রধান নির্বাচক তাঁর যে মতামত দিয়েছেন এবং বাতাসে আরও যা যা ভাসছে, সবই আসলে নানা ‘আইডিয়া।’ কোনোটাই এখনো চূড়ান্ত নয়। বিসিবি এসব ‘আইডিয়া’ থেকে বেছে বেছে ভালোগুলো নেবে। তারপর সেগুলোর মিশ্রণে এমন একটা জাদুকরি প্রক্রিয়ার জন্ম দেবে, যা দল নির্বাচন নিয়ে সব প্রশ্নের অবসান ঘটাবে। দূর করবে নির্বাচক-কোচদের মধ্যে থাকা দ্বন্দ্ব আর অবিশ্বাসের বুদ্বুদ।
দল নির্বাচন নিয়ে প্রশ্নটা কবে, কখন, কেন উঠল সেই প্রশ্নের সদুত্তর অবশ্য নেই। আর নির্বাচক-কোচদের মধ্যে সৃষ্ট অবিশ্বাস দূর করারই বা কেমন পথ এটি, এর আগে কোনো দেশের বোর্ডই যে পথে হাঁটেনি! দল নির্বাচনে কোচের সম্পৃক্ততা থাকতেই পারে, তবে সেটা হতে হবে তাঁকে সরাসরি নির্বাচক কমিটিতে রেখে। ডেভ হোয়াটমোরের সময় বাংলাদেশের ক্রিকেটেই ছিল সেই উদাহরণ এবং তখনো ফারুকই প্রধান নির্বাচক ছিলেন। প্রয়োজনে পুরোনো পথে ফিরে চন্ডিকা হাথুরুসিংহেকে করা যেতে পারে ফারুক আহমেদের নির্বাচক কমিটির অংশ।
কিন্তু ক্রিকেট পরিচালনা প্রধান বা ম্যানেজার কেন থাকবেন নির্বাচক কমিটিতে? দল নির্বাচন ক্রিকেট পরিচালনা বিভাগের আওতাধীন বলে এই বিভাগের প্রধানের সঙ্গে নির্বাচকদের এমনিতেই সমন্বয় রাখতে হয়। যেকোনো বিষয়ে তিনিই নির্বাচকদের ঊর্ধ্বতন। ক্রিকেট পরিচালনা প্রধানকে তবে নতুন করে কোচ-নির্বাচকদের মাঝে রেফারি বানিয়ে দেওয়া কেন? ওয়ার্কিং কমিটির প্রস্তাবে একটা ব্যাপার স্পষ্ট—নির্বাচনপ্রক্রিয়ার সমন্বয়কের ছদ্মবেশে ক্রিকেট পরিচালনা প্রধানের ভূমিকা হবে মূলত একজন সাক্ষীর। নির্বাচকেরা কী দল করলেন, কোচ-ম্যানেজার কী মতামত দিলেন; সেসবের সাক্ষী। ভবিষ্যতে কেউ উল্টোপাল্টা বললে যেন তিনি বলতে পারেন, ‘মিথ্যে কথা। তখন তো আপনি ও রকম বলেছিলেন...।’ পুরো ব্যাপারটাই খুব হাস্যকর এবং শিশুতোষ। কোচ-নির্বাচকদের জন্য অসম্মানজনকও।
নির্বাচক কমিটিতে টিম ম্যানেজারকে নেওয়ার চিন্তা আরও উদ্ভট। ক, খ, গ, ঘ—যিনিই হোন, বাংলাদেশ দলের টিম ম্যানেজার মানেই একজন বোর্ড পরিচালক। বিসিবি আবার অলিখিতভাবে ঠিক করে নিয়েছে, সেই পরিচালক হবেন ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে এমন কেউ। জাতীয় দলের ম্যানেজার হিসেবে এ রকম কারও থাকাটা খারাপ নয়। কিন্তু তাঁকে নির্বাচকও বানিয়ে দিলে ম্যানেজারের কাজের ক্ষতি তো হবেই, দল নির্বাচনের কাজে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার শঙ্কাও থাকে।
বাংলাদেশ দলের বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ একাধারে বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান। প্রিমিয়ার লিগ, বিপিএল, বিসিএল—সব ঘরোয়া টুর্নামেন্টেই তিনি কোনো না কোনো দলের কোচ। ব্যক্তিগত ব্যবসা আছে, একটি বেসরকারি ক্রিকেট একাডেমিতে চাকরিও করেন। নির্বাচকের বাড়তি দায়িত্ব মাহমুদ কতটা ভালোভাবে পালন করতে পারবেন, তা কি ভেবে দেখেছে বিসিবি? অন্য নির্বাচকদের মতো তিনি বা ক্রিকেট পরিচালনা প্রধান কি পারবেন নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখতে? অবশ্য অভিযোগ আছে, বর্তমান নির্বাচকদের কেউ কেউও নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখেন না। সে রকম হলে নির্বাচকদের সঙ্গে করা চুক্তি অনুযায়ীই ব্যবস্থা নেওয়া উচিত বিসিবির। নীতি বদলানোর প্রশ্ন আসে কেন? ১৪-১৫ জনের দল করতে সাত মাথার অংশগ্রহণ খেলাধুলার ইতিহাসেই আর আছে কি না সন্দেহ। এ রকম কমিটি হলে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভালো-মন্দের দায়ভার কে নেবেন, সেটাও প্রশ্ন।
বোর্ড পরিচালক রেখে নির্বাচক কমিটির কলেবর বৃদ্ধির অদ্ভুত চিন্তা গত বিশ্বকাপ থেকেই উঁকি দিচ্ছিল বিসিবির কয়েকজন শীর্ষ কর্তার মাথায়। এটার পেছনে নির্বাচক কমিটি বনাম কোচের দ্বন্দ্ব যেমন কাজ করেছে, তেমনি ব্যক্তিবিশেষকে জাতীয় দল গঠনপ্রক্রিয়ায় সম্পৃক্ত করাও একটা উদ্দেশ্য। কিন্তু কোনো ‘ফর্মুলা’ বা কাঠামোই বিশেষ এক বা দুজন মানুষের জন্য হতে পারে না। আজ যাঁরা ক্রিকেট পরিচালনা প্রধান, ম্যানেজার বা প্রধান নির্বাচক, কাল তাঁরা সে পদে না-ও থাকতে পারেন। নতুন যাঁরা আসবেন তাঁরাও এই কাজে দক্ষ হবেন, সেটার নিশ্চয়তা কী?
ব্যক্তিবিশেষের নয়, ক্রিকেট আর নীতির স্বার্থটাই তাই দেখা জরুরি।