হায়দরাবাদে বাংলাদেশ দল
অকল্যান্ড ও সিঙ্গাপুরের ট্রানজিটসহ ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশে আসতে সময় লেগেছিল ১৭-১৮ ঘণ্টা। এক সপ্তাহের মধ্যে প্রতিবেশী দেশ ভারতে যাওয়াটা তাই কোনো ব্যাপারই মনে হওয়ার কথা নয় বাংলাদেশ দলের। তবু কাল বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে উড়াল দিয়ে হায়দরাবাদের তাজ ডেকান হোটেলে পৌঁছাতে তাদের সময় লেগেছে ৭–৮ ঘণ্টা।
না, ফ্লাইট মিস হয়নি, বিলম্বিতও ছিল না। ঢাকা থেকে কলকাতা হয়ে হায়দরাবাদ পৌঁছে লাগেজ বুঝে পেয়ে হোটেলে উঠতে এ রকম সময়ই লাগার কথা। হায়দরাবাদ থেকে কাল বাংলাদেশ ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম মুঠোফোনে জানালেন, ‘কলকাতায় আড়াই ঘণ্টার যাত্রাবিরতির পর হায়দরাবাদের ফ্লাইটও ছিল দুই ঘণ্টার। এয়ারপোর্ট থেকে সব গুছিয়ে হোটেলে যেতে যেতে আরও ঘণ্টা দুয়েক।’
ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে গেছে বাংলাদেশ দল। হায়দরাবাদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিসিআই ও হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আজ বেলা সাড়ে ১১টায় রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।