হায়দরাবাদের পিচ স্পিন-স্বর্গ, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিউজিল্যান্ডের কন্ডিশন নিয়ে বাংলাদেশের অনেক দুশ্চিন্তা ছিল। কিন্তু ভারতে সেটি থাকার কথা নয়। যথেষ্ট মিল আছে দুই দেশের কন্ডিশনে। সাদৃশ্য আছে বলেই প্রশ্নটা উঠছে, স্পিনারদের জন্য স্বর্গ হবে হায়দরাবাদের উইকেট?
পরিসংখ্যান দেখে অবশ্য সাকিব-মিরাজদের চোখটা চকচক করে ওঠার কথা। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এখনো পর্যন্ত হয়েছে মাত্র তিনটি টেস্ট। তিনটির ফল দেখেছে দুটিই, বাকিটি ড্র। আর প্রতিটিতেই দাপট ছিল স্পিনারদের। তিন টেস্টে উইকেট পড়েছে মোট ৮৭টি। এর মধ্যে স্পিনাররা নিয়েছে ৫৮টি আর পেসাররা ২৬টি। প্রায় ৬৭ শতাংশ উইকেটই স্পিনারদের মুঠোয়। বোলারদের মধ্যে শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন। সময়ের সেরা এই অফ স্পিনার ২ টেস্টে নিয়েছেন ১৮ উইকেট। সমান ম্যাচে ৯ উইকেট নিয়ে দুইয়ে আছেন প্রজ্ঞান ওঝা। পেসারদের মধ্যে শীর্ষে থাকা জহির খান ২ টেস্টে মাত্র ৪ উইকেট পেয়েছেন।
বাংলাদেশের জন্যও কি স্পিন-বান্ধব উইকেট অপেক্ষা করছে? বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে ভারতে যাওয়ার আগে বলে গেছেন, যেকোনো চ্যালেঞ্জ নিতে তাঁরা প্রস্তুত, ‘যেকোনো উইকেটের জন্যই আমরা তৈরি। আমাদের দলে যেমন স্পিনার আছে তেমনি পেসারও আছে।’ তবে অভিজ্ঞতার বিচারে ভারতীয় দল যে এগিয়ে থাকবে, সেটি মেনে নিচ্ছেন হাথুরু, ‘আমাদের অভিজ্ঞ সাকিব আছে। তাইজুল-মিরাজও টেস্টে ভালো করেছে। বলতে চাই না আমরা পিছিয়ে আছি। তবে তারা আমাদের চেয়েও অভিজ্ঞ।’
হায়দরাবাদে অতীতে স্পিনারদের যত দাপট থাকুক না কেন, এই মাঠে ভারতের প্রতিপক্ষ কারা ছিল, সেটিও দেখতে হবে। তিন টেস্টের দুটিতে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর একটিতে অস্ট্রেলিয়া। নিজেদের শক্তি বিবেচনায় স্বাভাবিকভাবেই এই দুই দলের বিপক্ষে স্পিন-সহায়ক উইকেটই তৈরি করে ভারত। কিন্তু উপমহাদেশের দল বাংলাদেশের জন্য সেটি হবে না বলেই মনে করেন সাবেক অধিনায়ক ও বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার, ‘উইকেট নিয়ে আমরা চিন্তিত নই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে তারা যে উইকেট বানিয়েছিল, আমাদের সঙ্গে সেটি হওয়ার সম্ভাবনা কম। আর হলে তো ভালোই হবে। আমাদের স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। আমার মনে হয়, স্পোর্টিং উইকেটই দেবে তারা।’
উইকেট যেমনই হোক, মেহেদী হাসান মিরাজের অনুমান, ভারতীয় স্পিনাররা কঠিন পরীক্ষাই নেবেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে নিজেদেরও পিছিয়ে রাখছেন না গত অক্টোবরে বাংলাদেশের ইংল্যান্ড জয়ের নায়ক, ‘আমার মনে হয়, উইকেট থেকে ভারতীয় স্পিনাররা সহায়তা পাবে। তবে আমাদের দলেও ভালো স্পিনার আছে। ওখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে। ওদের অনেক ভালো ব্যাটসম্যান আছে ঠিকই, আমরা যদি ভালো জায়গায় বোলিং করতে পারি ভালো কিছু সম্ভব।’

১১ টেস্ট খেলা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের কথায় মিরাজেরই প্রতিধ্বনি, ‘আমাদের দলে এখন ভালো মানের স্পিনার আছে। ভারতে যদি স্পিন-সহায়ক উইকেট হয়, তাহলে ভালো কিছুই হবে। আর আমাদের ব্যাটসম্যানরাও অনেক আত্মবিশ্বাসী। মুশফিক ভাই, সৌরভ (মুমিনুল) ও ইমরুল ভাই ইনজুরি থেকে ফিরে এসেছেন। আশা করি, আমরা ভালো করব।’

বাংলাদেশের জন্য এই ‘ভালোর’ সংজ্ঞাটা আসলে কী হবে?