হায়দারকে সাকিবের অভিনন্দন

সাকিবের সঙ্গে লড়াইটা কেমন উপভোগ করছেন?
প্রশ্ন শুনে হেসে দিলেন আবু হায়দার। ‘লড়াই কই? সাকিব ভাইকে তো ক্রসই করতে পারছি না! আমি একটা পাই, তো উনিও একটা পান...’, কপট অভিমানটা বোধ হয় নিজের ওপরই ছিল। পরশু সকালে কথাগুলো বলার সময়ও আবু হায়দার জানতেন না সাকিবকে টপকাতে আর একটা ম্যাচই লাগবে। সাকিবের দল রংপুর রাইডার্সের বিপক্ষে কাল সেই ম্যাচও খেলে ফেললেন ১৯ বছর বয়সী তরুণ। ১৯ রানে ৪ উইকেট নিয়ে বিপিএলে এখন পর্যন্ত পেলেন ২১ উইকেট। কাল উইকেটশূন্য থাকায় সাকিবের অর্জন থেমে আছে ১৭-তেই। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বাঁহাতি পেসার আবু হায়দার তাই এখন একাই আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির সিংহাসনে।
কিন্তু সাকিবকে পেছনে ফেলার আনন্দ তাঁর মধ্যে কই! ম্যাচ শেষে মুঠোফোনে অভিনন্দন জানাতেই আবু হায়দারের প্রতিক্রিয়া, ‘সাকিব ভাইকে টপকেছি বলে নয়, ভালো বল করলে এমনিতেই ভালো লাগে। চেষ্টা করছিলাম, সফল হয়েছি।’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই সাকিবের অভিনন্দন পেয়েছেন, ‘খেলা শেষে সাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়ে বলেছেন, ভালো বল করছ...।’
আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশংসা তো পাচ্ছেন প্রতি ম্যাচ শেষেই। কাল নেত্রকোনার এই তরুণকে ‘বাংলাদেশের ভবিষ্যৎ’ই বলে দিলেন মাশরাফি। বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক এই বয়সেই তাঁর মধ্যে দেখছেন যথেষ্ট পরিণতিবোধ, ‘বিপিএলে অন্য ঘরোয়া টুর্নামেন্টের চেয়ে বেশি চাপ থাকে। আমিও তাকে অনেক চাপের মুহূর্তে বোলিং করিয়েছি। বয়স কম হলেও বোলিংয়ে তাঁকে অনেক পরিণত মনে হয়েছে আমার কাছে। দারুণ সম্ভাবনাময় এক ক্রিকেটার।’ শেষে অবশ্য ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যের কথাটা মনে করিয়ে দিতেও ভোলেননি। কারও কাছে সেটা শুরুতেই সহজ মনে হয়, কেউ সেটাকে আবিষ্কার করেন কঠিন এক জগৎ হিসেবে।
আবু হায়দারের জন্য সেটা কী নিয়ে অপেক্ষা করছে, তা এখনই বলার উপায় নেই। পুরস্কার বিতরণীতে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু বিপিএলে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা তরুণ সম্পর্কে সরাসরি মন্তব্য করতে চাননি সাকিব, ‘আমি আসলে কোনো খেলোয়াড় সম্পর্কে এক-দেড় বছরের আগে মন্তব্য করতে চাই না।’ তবে চোখের সামনে শুধু এবারের বিপিএলটাকে রাখলে আবু হায়দারে মুগ্ধ না হয়ে পারছেন না টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডারও, ‘চাপেও সে ভালো বল করেছে। আমার মনে হয় ও এমন এক ক্রিকেটার, যার ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে থাকতে পারি।’ তরুণ ক্রিকেটারদের জন্যও তাঁকে পথপ্রদর্শক মনে করেন সাকিব, ‘ওর পারফরম্যান্স তরুণদের প্রেরণা দেবে। যাকে কেউ চেনে না, সে এত ভালো খেলছে...এটা দেখে তারাও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠবে।’
ঘরোয়া ক্রিকেটে আগেও খারাপ বল করেননি আবু হায়দার। সর্বশেষ প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়ার হয়ে নিয়েছেন ১৭ উইকেট। সেই অর্থে তাঁকে বিপিএলের আবিষ্কার বলা যাবে না। তবে বিপিএলই তাঁকে দিয়েছে সর্বোচ্চ পরিচিতি, দেখাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বপ্ন আর তারকা হয়ে ওঠার সিঁড়ি। আবু হায়দার নিজেও বলছেন, ‘এই বিপিএল আমার ক্যারিয়ারেরই বড় একটা টার্নিং পয়েন্ট। আমি ভালো বল করছি, দেশ-বিদেশের সবাই আমার খেলা দেখছে। আমার আত্মবিশ্বাসও বেড়ে গেছে অনেক।’
তবে এটা সবে শুরু। আবু হায়দারকে এই আত্মবিশ্বাস টেনে নিয়ে যেতে হবে আরও অনেক দূর।