হিউজ ছুঁয়ে গেলেন মাশরাফিদেরও
ড্রেসিংরুমের সামনে ছড়িয়ে-ছিটিয়ে আছে সব ক্রিকেট কিট। মাঠে ঢুকেই একটা হেলমেট তুলে মাথায় পুরলেন সাকিব আল হাসান। দুপাশ থেকে নেড়েচেড়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েসরা। কোথায় কোথায় ফাঁক আছে, কোন দিক দিয়ে বল ঢুকতে পারে। হেলমেট পরার পরও যে মাথার একটা অংশ অনাবৃত থেকে যায়!
হঠাৎ হেলমেট নিয়ে গবেষণার কারণ বুঝতে সমস্যা হয় না একটুও। ফিল হিউজের মৃত্যু নাড়িয়ে দিয়েছে সবাইকেই। সকালে নাশতার টেবিলে খবরটি পেয়েই স্তম্ভিত হয়ে যান মাশরাফি বিন মুর্তজা। হিউজের সঙ্গে-প্রতিপক্ষে কখনো খেলা হয়নি, তবু যেন আপনজন হারানোর ব্যথায় কাতর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। হিউজকে নিয়ে কথা বলতে বলতে একপর্যায়ে কণ্ঠ ধরে এল তাঁর, ‘মনটা ভীষণ খারাপ হয়ে আছে, ভীষণ। সবকিছু অর্থহীন মনে হচ্ছে। এভাবে একটা ছেলে মরে গেল! মানতে পারছি না, মানা যায় না। ক্রিকেটের ওপরও প্রচণ্ড অভিমান হচ্ছে। যে খেলাটাকে এত ভালোবাসি, সেই খেলা যদি এভাবে আমাদের একজনের প্রাণ কেড়ে নেয়, সেই ভালোবাসা কি আর থাকে! একদমই ভালো লাগছে না।’
হিউজের সঙ্গে পরিচয় না থাকলেও দুর্ঘটনায় আপনজন হারানোর ব্যথাটা ভালোই জানেন মাশরাফি। ক্রিকেট মাঠে নয়, তবে সাড়ে ৭ বছর আগে এভাবেই আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ক্রিকেটার মানজারুল ইসলাম (রানা)। স্বাভাবিকভাবেই খবরটি শোনার সঙ্গে সঙ্গে মাশরাফির মনে পড়েছে প্রিয় বন্ধুকে হারানোর কথা, ‘রানাকেও খুব মনে পড়ছে আজ। ওই যে মোটরসাইকেল অ্যাকসিডেন্ট করল, রানা কি ভাবতে পেরেছিল, এটাই ওর শেষবার বাইকে ওঠা! কয়েক সেকেন্ড আগেও কি হিউজ ভাবতে পেরেছিল, ওই বলটাই তার জীবনের শেষ বল?’
খবরটি যখন ছড়িয়ে গেল, মাশরাফির পাশেই ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ কোচ আগে ছিলেন নিউ সাউথ ওয়েলসের কোচ, সহকারী কোচ। গত বছর সাউথ অস্ট্রেলিয়ায় চলে এলেও হিউজ আসলে নিউ সাউথ ওয়েলসেরই সন্তান। সিডনির গ্রেড ক্রিকেট হয়ে নিউ সাউথ ওয়েলস রাজ্য দলে খেলেই ঢুকেছিলেন অস্ট্রেলিয়া দলে। নিউ সাউথ ওয়েলসে দুই বছর হিউজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন হাথুরুসিংহে, টেকনিক ঝালাই নিয়ে একসঙ্গে কাটিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা। আকস্মিক ওই সংবাদে বাকরুদ্ধ হয়ে যান বাংলাদেশ কোচ। পরে এখনকার শিষ্যদের কাছে পুরোনো শিষ্যের কথা বলতে গিয়ে প্রায় কেঁদেই ফেলেন। পেশাদারির সঙ্গে আপস না করে তবু বিকেলে এসেছিলেন বাংলাদেশ দলের অনুশীলনে। আবেগের দুয়ার রুদ্ধ হয়নি তখনো। হিউজকে নিয়ে কথা বলতে চাইলে হাথুরুসিংহে বলেছেন, ‘ওকে নিয়ে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’
হিউজের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি আর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে বিসিবি। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠেও বিষাদ, ‘হিউজ ছিলেন ক্রিকেটের লড়াকু চেতনার প্রতীক। খেলাটা ওকে মিস করবে। আমাদের সবার জন্যই প্রচণ্ড আঘাত হয়ে এসেছে খবরটি। ওর পরিবার-পরিজন, অস্ট্রেলিয়ান ক্রিকেট সমাজের প্রতি আমাদের সমবেদনা। ওর আত্মা শান্তি পাক।’
বিষাদ ছুঁয়ে গেছে জিম্বাবুয়ে শিবিরেও। অধিনায়ক এলটন চিগুম্বুরা বললেন, ‘কোনো মৃত্যুই কখনো কাম্য নয়, ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু তো আরও নয়। খেলাটার জন্য আজ বড় বিষণ্ন দিন। চাই না কারও ক্ষেত্রে কখনো এমন হোক। ঈশ্বর ওর পরিবারকে এই শোক বইবার শক্তি দিন, এই কামনা আমার এবং গোটা দলের।’ হ্যামিল্টন মাসাকাদজা মানতেই পারছিলেন না, ‘মাত্রই ২৫ বছর বয়স, কদিন পরই টেস্টে খেলার কথা ওর। এমন মৃত্যু কীভাবে মানা যায়!’
আসলেই মানা যায় না। মানা যায় না বলেই পেসার হিসেবে নিজেকেও অপরাধী মনে হচ্ছে মাশরাফির, ‘আজ শুধুই মনে হচ্ছে কেন বাউন্সার দিতে হবে! শেষ পর্যন্ত খেলাটা তো বিনোদন। সেই খেলা যদি জীবন কেড়ে নেয়, তাহলে খেলে কী লাভ! হিউজের পরিবার কীভাবে এই ক্ষতি পোষাবে! কিংবা হিউজ, বেচারা ২৫ বছরেই শেষ হয়ে গেল। এ জন্যই মনে হচ্ছে, নিষিদ্ধ করে দিক না বাউন্সার! না হয় আমরা পেসাররা মার খেলাম, তবু...।’
মৃত্যু এভাবেই ছাড়িয়ে যায় ক্রিকেটের সীমানা!