হিউজ পরিবারের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিল হিউজ না-ফেরার দেশে চলে গেছেন বছর দুয়েক আগে। তবে তাঁর মতো যাতে আর কাউকে যেতে না হয়, সে জন্য তাঁর মৃত্যুর ঘটনা তদন্ত করছে নিউ সাউথ ওয়েলস সরকার। যে তদন্তের শেষ দিনে কাল রেগে গিয়ে তদন্ত ছেড়ে চলে গেছে তাঁর পরিবার।
তদন্ত আদালতের মূল উদ্দেশ্য হিউজের মৃত্যু কোনোভাবে ঠেকানো যেত কি না কিংবা মেডিকেল টিমের কোনো ধরনের অবহেলা ছিল কি না সেসব বের করা। সেখানেই হিউজের পরিবারের আইনজীবী গ্রেগ মেলিক অভিযোগ করেন, সেদিন মাথায় আঘাত পাওয়ার আগে প্রতিপক্ষের স্লেজিংয়ের শিকার হয়েছিলেন হিউজ। বাঁহাতি পেসার ডগ বলিঞ্জার তাঁকে হুমকি দিয়েছিলেন, ‘আমি তোমাকে খুন করে ফেলব।’ এরপরই উদ্দেশ্যমূলকভাবে টানা বাউন্সার করা হয়েছে হিউজকে। এ কারণেই সেদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ড হিউজের জন্য অনিরাপদ হয়ে উঠেছিল বলে দাবি করেন তাঁর বাবা গ্রেগ হিউজ।
কিন্তু পাঁচ দিনব্যাপী তদন্তের শেষ দিনে কাল ক্রিকেট অস্ট্রেলিয়ার আইনজীবী আদালতে এগুলোকে অপ্রয়োজনীয় তথ্য হিসেবে উল্লেখ করেন এবং এগুলো যাতে আদালতের পর্যবেক্ষণে কোনো প্রভাব না ফেলে সেই দাবি তোলেন। এরপরই রেগে তদন্ত ছেড়ে চলে যায় হিউজের পরিবার।
গত ২৫ নভেম্বর ২০১৪ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলার সময় পেসার শন অ্যাবটের বলে মাথায় আঘাত পান হিউজ। এর দুই দিন পর সেন্ট ভিনসেন্ট হাসপাতালে মারা যান এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। রয়টার্স।