ফিল হিউজ অ্যাডিলেডে থাকবেন না। আবার থাকবেনও।
সতীর্থর অকালমৃত্যুর শোকে এখনো আচ্ছন্ন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা। তাঁর স্মরণে অ্যাডিলেড টেস্টে থাকবে নানা আয়োজন। হিউজ থাকছেন সেসব আয়োজনে। আবার বাস্তবতা হচ্ছে, কাল অ্যাডিলেডে এই টেস্ট দিয়েই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজ। যে সিরিজ অস্ট্রেলিয়ার জন্য প্রতিশোধের, ভারতের জন্য বিদেশের মাটিতে নিজেদের প্রমাণের। মাঠের এই লড়াইয়ে শোকের আবহ থাকবে না, থাকবে সেই শোককে শক্তিতে রূপ দিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা।
এই চেষ্টাটা বেশি করতে হবে অস্ট্রেলিয়া দলকেই। ধাক্কাটা তো খেলোয়াড়েরাই বেশি খেয়েছেন। তবে জাতিগত কারণেই সেই ধাক্কা সামলে ওঠার ক্ষমতাও তাঁদেরই বেশি। হিউজের শোক কাটিয়ে তাই ভারত-বধের প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না তাঁরা। শেন ওয়াটসন যেমন বললেন, ‘আমরা তখনই সেরা ক্রিকেটটা খেলি যখন আমরা আক্রমণাত্মক থাকি। আমি যত দিন ধরে অস্ট্রেলিয়া দলে খেলছি তত দিন ধরেই এটা সত্য। সর্বশেষ অ্যাশেজেও আমরা ব্যাট এবং বল হাতে দারুণ আক্রমণাত্মক ছিলাম। বিশেষ করে বল হাতে। ভারতের বিপক্ষেও সে রকমই খেলব।’
ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে গুঁড়িয়ে দেওয়া সর্বশেষ অ্যাশেজের অস্ট্রেলিয়ান নায়ক ছিলেন মিচেল জনসন। এবার তাঁর তোপের সামনে পড়তে হবে ভারতকে। তবে সেটি ভেবে ভীত নন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান, ‘জনসনের বিপক্ষে তো আগেও খেলেছি ভারতে৷ তবে অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম ওর বিপক্ষে খেলব৷ চ্যালেঞ্জটা বড়সড়৷ তবে আশা করি, এই চ্যালেঞ্জটা উপভোগই করব৷’ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ব্যাট করার স্মৃতিটা অবশ্য ধাওয়ানের জন্য দারুণ সুখকর। গত বছর মার্চে মোহালিতে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই টেস্ট অভিষেকে ১৭৪ বলে ১৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ধাওয়ান। ৩৩ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটা এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস হয়ে আছে। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক মনোভাবের জবাব তাই পাল্টা-আক্রমণেই দিতে চান ধাওয়ান, ‘এই আগ্রাসনটা কিন্তু আধুনিক ক্রিকেটেরও অংশ। আমি ওপেনার হিসেবে এই গুরুত্বপূর্ণ ভূমিকাই নিতে চাই৷ কারণ শুরুটা ভালো হলে দলের জন্যই ভালো৷ পায়ের তলার মাটি শক্ত হয়৷’
ভারতের মাটিতে সর্বশেষ ওই সিরিজটা দুঃস্বপ্ন হয়ে আছে অস্ট্রেলিয়ার জন্য। চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ‘হোয়াইটওয়াশ’ করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। এর মধ্যে দিল্লিতে সর্বশেষ ম্যাচে মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শেন ওয়াটসন। ভারতকে উড়িয়ে দিয়েই দগদগে সেই ক্ষতে এবার প্রলেপ দিতে চান ওয়াটসন, ‘ওরা নিজেদের কন্ডিশনে আমাদের পেয়ে গুঁড়িয়ে দিয়েছিল। এবার আমাদের কন্ডিশনে সেটা ফিরিয়ে দেওয়ার পালা।’
শুনে কি মনে হচ্ছে অস্ট্রেলিয়া শোকে কাতর? এএফপি, রয়টার্স।