

বিধাতাই বুঝি লিখে দিয়েছিলেন, দিনটি শুধুই ক্রিকেটের!
কয়েক দিন ধরেই অ্যাডিলেডের আকাশে মেঘের আনাগোনা। থেমে থেমে হচ্ছিল বৃষ্টি। কাল সকাল থেকেই ঝকঝকে নীলাকাশ, চকচকে রোদ। ক্রিকেটের আদর্শ পরিবেশ। অ্যাডিলেড ওভালের বাইরে ফিলিপ হিউজের বড় একটি ছবি দিয়ে সাজানো অস্থায়ী স্মৃতিমঞ্চ ভরে উঠল ফুলে ফুলে। মাঠের ভেতরেও হিউজ। বড় পর্দায় ভেসে উঠল ছবি। ছবি দর্শকদের হাতে হাতেও! মাঠে বড় করে লেখা ‘৪০৮’ সামনে রেখে ৬৩ সেকেন্ড করতালিতে অকালপ্রয়াত ক্রিকেটারকে স্মরণ, দুদলের সঙ্গী গ্যালারির ২৫ হাজার দর্শকও। দুদলের বাহুতে বাঁধা কালো ফিতা, অস্ট্রেলিয়ানদের সবার বুকে ‘৪০৮’।
ব্যাট হাতে ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন ডেভিড ওয়ার্নার। মাঠে ঢুকেই তাকালেন নীল দিগন্তে। খুঁজলেন বুঝি হিউজকে! ৬৩ সেকেন্ড করতালির সময়ও আকাশে তাকিয়ে ছিলেন ওয়ার্নার। তাকালেন ফিফটি ছুঁয়ে। তাকালেন আরেকবার, অনেকটা সময় নিয়ে, যখন তাঁর রান ৬৩। অসীমের পানে তাকানোর মুহূর্ত আবার এল লাঞ্চের পর। কর্ন শর্মাকে অফ ড্রাইভে ছুঁলেন তিন অঙ্ক। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ছুটে এসে আকাশছোঁয়া লাফে সেই বরাবরের উদ্যাপন ছিলই। এরপর ওপরে তাকিয়ে যেন বলতে চাইলেন, ‘বন্ধু তোমার জন্য!’ একটু পর আশ্রয় নিলেন মাইকেল ক্লার্কের বুকে। স্রেফ সেঞ্চুরির আনন্দে জড়িয়ে ধরা নয়। যেভাবে ওয়ার্নারের পিঠ চাপড়ে দিলেন ক্লার্ক, তাতে বাহবার চেয়ে বেশি ছিল সান্ত্বনা। যখন অধিনায়কের আলিঙ্গনমুক্ত হলেন ওয়ার্নার, দুচোখ তখন ছলছল! এই চিত্রনাট্যও যেন লেখা হয়েছে ওপরে। দুর্দান্ত সেঞ্চুরিতে হিউজকে শ্রদ্ধা জানালেন ওয়ার্নার, উইকেটে তখন ক্লার্কও—ক্রিকেটের ভুবনে যে দুজন ছিলেন হিউজের সবচেয়ে কাছের! আবেগময় দিন, আবেগতাড়িত সেঞ্চুরি, আবেগছোঁয়া সব মুহূর্ত!
ওয়ার্নার শেষ পর্যন্ত থেমেছেন ১৪৫ রানে। সেই পথে হাঁটছিলেন ক্লার্কও। হ্যামস্ট্রিংয়ের চোটের সঙ্গে যুদ্ধ জিতে এই টেস্ট খেলছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ব্যাটিংয়ে যদিও অস্বস্তির লেশমাত্র ছিল না। কিন্তু ৬০ রানে বেরিয়ে যেতে হলো পিঠের পুরোনো চোট মাথাচাড়া দেওয়ায়। এই টেস্ট তো বটেই, পরের টেস্টেও ক্লার্কের মাঠে নামা এখন সংশয়ে। দিন শেষে ৭২ রানে অপরাজিত স্টিভেন স্মিথ। প্রথম দিনে অস্ট্রেলিয়ার রান ৩৫৪। তবু দিনটিকে শতভাগ অস্ট্রেলিয়ার বলা যাচ্ছে না। শেষ বিকেলে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরেছে ভারত। অ্যাডিলেডের ‘ড্রপ ইন’ ব্যাটিং স্বর্গে প্রথম দিনে ৬ উইকেট নেওয়া একেবারে খারাপ নয় ভারতের জন্য।
অস্ট্রেলিয়া যেহেতু ব্যাটিং করেছে, টস কোন দল জিতেছে বলার প্রয়োজন মনে হয় নেই। সেই ১৯৯২ সালে মোহাম্মদ আজহারউদ্দিন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন, এরপর অ্যাডিলেড ওভালে এ নিয়ে টানা ২৩ টেস্টে টসজয়ী দল নামল ব্যাটিংয়ে। ভারত চমকে দিয়েছে অশ্বিন-জাদেজাদের উপেক্ষা করে একাদশে আনকোরা লেগ স্পিনিং অলরাউন্ডার কর্ন শর্মাকে রেখে। ১৯৯০ সালে অনিল কুম্বলের (ওল্ড ট্রাফোর্ডে) পর এই প্রথম কোনো ভারতীয় স্পিনারের দেশের বাইরে টেস্ট অভিষেক।
ওয়ার্নার-ক্লার্কদের যুদ্ধ ছিল আবেগের সঙ্গেও। প্রথম ১৫ বলে ৭ চারে সেই লড়াইয়ে জেতার বার্তা দিয়েছেন ওয়ার্নার। ৪৫ বলে ছুঁয়েছেন ফিফটি, ৩৩ টেস্টে দশম টেস্ট সেঞ্চুরি ছুঁয়েছেন ১০৬ বলে। পরে কর্ন শর্মাকে ছক্কা মারতে গিয়ে উপহার দিয়েছেন প্রথম টেস্ট উইকেট। সকালে নতুন বলে এলোমেলো বল করেছিলেন অ্যারন ও শামি, আরেক নতুন বলে এ দুই পেসারই ভারতকে এনে দিয়েছেন শেষ বিকেলের স্বস্তি। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।