হিউজের জন্য ক্লার্ক

অ্যাডিলেড টেস্টের প্রথম দিনেই পিঠের পুরোনো ব্যথাটা সক্রিয় হয়ে উঠল। অগত্যা ৬০ রানে উইকেট ছাড়তে বাধ্য হলেন মাইকেল ক্লার্ক। ফিলিপ হিউজকে হারানোর ব্যথা যার মনে, সেখানে শরীরের এ চোট টিকবে কেন? টেকেনি। ক্লার্ক দ্বিতীয় দিনেই ফিরেছেন। ব্যথানাশক ইনজেকশন নিতে হয়েছে। চোট নিয়ে খেলার কারণে ছিল এই সিরিজ থেকেই ছিটকে পড়ার ঝুঁকি। তার পরও ক্লার্ক খেলেছেন। হয়তো হিউজের জন্যই। হিউজ–প্রয়াণে সবচেয়ে শোকাতুর অস্ট্রেলীয় অধিনায়ক যে কিছু একটা করতে মরিয়া ছিলেন।
করলেনও। বৃষ্টিবৃঘ্নিত দ্বিতীয় দিনে ক্লার্ক তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। অধিনায়কের আগে সেঞ্চুরি পেয়েছেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান স্টিভেন স্মিথও। দুজনের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৫১৭।
দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ২৯.৪ ওভার। অস্ট্রেলিয়া রান তুলেছে ১৬৩। খুইয়েছে কেবল ক্লার্কের উইকেটটি। আজ ওভারপ্রতি রান উঠেছে সাড়ে পাঁচের ওপরে! বার চারেক বৃষ্টি বাগড়া না দিলে ভারতের সামনে রানের সৌধটা কত বড় হতো, নিশ্চয় অনুমেয়। ক্লার্ক-স্মিথের ৭ম উইকেট জুটিতে এসেছে ১৬৩ রান।
ব্যথানাশক ইনজেকশন, ম্যাসাজ, অনুশীলন হয়তো গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করেছে। কিন্তু ক্লার্কের মূল শক্তি মনে। মনোবল কতটা শক্ত হলে এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও একজন ব্যাটসম্যান দুর্দান্ত ইনিংস খেলেন! সেঞ্চুরি করার পর ছিল না বাড়াবাড়ি রকমের উদযাপন। ব্যাটটা উঁচু করে মৌনভঙ্গিতেই উদযাপন করলেন সেঞ্চুরি। কর্ন শর্মার বলে ফেরার আগে অস্ট্রেলিয়া অধিনায়কের সংগ্রহ ১২৮ রান।
টেস্টে ক্লার্কের ফিফটি ২৭ কিন্তু সেঞ্চুরি ২৮টি। ফিফটিকে কীভাবে সেঞ্চুরিতে রূপ দিতে হয়, ক্লার্কের চেয়ে ভালো কে জানে! এই অ্যাডিলেডে ১০ টেস্টে ৭ সেঞ্চুরি, এর মধ্যে শেষ চারটি টানা চার ম্যাচে। মাঝখানে দুটি টেস্টে সেঞ্চুরি পাননি। এর আগে আবার টানা তিন ম্যাচে সেঞ্চুরি। এ মাঠে রানের গড়টা ব্রাডম্যানীয়—১০০.৫০! বোঝাই যাচ্ছে অ্যাডিলেড তাঁর কাছে কতটা প্রিয়! আজ খেলেছেন ভীষণ চোট নিয়ে। সেটি বাড়ছে ক্রমেই।
আবুধাবিতে পাকিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার ম্যাচে ৯৭ রানে ফিরেছিলেন স্মিথ। এবার ভুল করেননি। তুলে নিলেন পঞ্চম সেঞ্চুরি। স্মিথ তাঁর ইনিংসটি সাজিয়েছিলেন ২১টি চারের মারে। কাল আবারও ভারতের বোলারদের ভোগাতে উইকেটে আছেন ১৬২ রানে। ক্রিকইনফো, রয়টার্স।