হিউজের জন্য শোকগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপ হিউজের মৃত্যুশোক কাল ছুঁয়ে গেল মিরপুরকেও। বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করল দুই দল। টুইটারে শুরু হওয়া ‘পুট আউট ইয়োর ব্যাটস’ শোকপালনের অংশ হলো বাংলাদেশ দলও l প্রথম আলো
ফিলিপ হিউজের মৃত্যুশোক কাল ছুঁয়ে গেল মিরপুরকেও। বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করল দুই দল। টুইটারে শুরু হওয়া ‘পুট আউট ইয়োর ব্যাটস’ শোকপালনের অংশ হলো বাংলাদেশ দলও l প্রথম আলো

সব জায়গায় ক্রিকেট ব্যাটের ও ক্রিকেট ক্যাপের ছবি। যে ব্যাট হাতে নিয়ে ঢলে পড়েছেন মৃত্যুর কোলে, সেই ব্যাটেই যেন বাঙ্ময় হয়ে রইলেন হিউজ

সিডনির সকালটা অন্য সব সকালের মতোই। কাল রোজকার মতো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টিম মিটিংয়ে হাজির সবাই। ক্লার্ক, হাডিন, জনসন, স্মিথ, ওয়ার্নার...একেকটি মুখ যেন ডুবে আছে স্মৃতির অতলে। এই তো, একটু পরেই ক্লার্কের পিঠে চাপড় পড়বে, ‘আরে, ওঠো, ওঠো। অনুশীলনের সময়ে তো হয়ে গেল...।’ ক্লার্ক জানেন, মহাসমুদ্রের ওপার থেকে কথাগুলো আর আসবে না। প্রতিদিনকার মতো ড্যারেন লেম্যান বা ক্লার্ক নিজে কিছু বললেন না, কথা বললেন দলের চিকিৎসক পিটার ব্রুকনার। দলের মনোবিদ মাইকেল লয়েড চেষ্টা করলেন সবাইকে একটু স্বাভাবিক করতে। কিন্তু প্রিয়জন হারানোর সন্তাপ কি এত সহজে শেষ হয়? ফিলিপ হিউজ নেই, কিন্তু না থেকেও যেন আছেন অস্ট্রেলিয়ার প্রতিটি ক্রিকেট মাঠের সবুজ ঘাসে। তাঁর অশরীরী আত্মা কাল বেদনার বিউগল বাজিয়ে গেছে সিডনির ড্রেসিংরুমে।

ফিলিপ হিউজ
ফিলিপ হিউজ

মাথায় আঘাত পেয়ে বিদায় নিয়েছেন গত পরশু। এখনো ক্রিকেট-বিশ্ব তো বটেই, গোটা ক্রীড়াপরিবারই হিউজের শোকে আচ্ছন্ন। আজকের দুনিয়ায় শোকের প্রকাশ শুধু বাস্তব গণ্ডিতে নয়, ব্যাপ্ত অন্তর্জালের অন্ধিসন্ধিতে। টুইটারে ছড়িয়ে পড়া সেই শোকের ঢেউ কাল ভাসিয়ে নিয়ে গেল সবাইকে। ‘পুট আউট ইয়োর ব্যাটস’—হ্যাশট্যাগ দিয়ে একটা ব্যাটের ছবি পোস্ট করেছিলেন সিডনির ক্রিকেট-ভক্ত পল টেলর। পরে বারুদের মতো শোকের এই প্রকাশ ছড়িয়ে পড়ল টুইটার-ফেসবুকজুড়ে। স্টেডিয়ামে, বাসার সামনে, বিপণিবিতানে...সব জায়গায় ক্রিকেট ব্যাটের ও ক্রিকেট ক্যাপের ছবি। যে ব্যাট হাতে নিয়ে ঢলে পড়েছেন মৃত্যুর কোলে, সেই ব্যাটেই যেন বাঙ্ময় হয়ে রইলেন হিউজ।
১৯৯৪ সালে ফর্মুলা ওয়ান কিংবদন্তি আয়ারটন সেনার দুর্ঘটনার পর ক্রীড়া-বিশ্বকে শোকের দুকূলপ্লাবী ঢেউ এমনভাবে ভাসিয়েছে কিনা সন্দেহ। স্টিভ ওয়াহ জানিয়েছেন, তাঁর কিশোর ছেলে অস্টিন ছিল হিউজের দারুণ ভক্ত। মৃত্যুর খবর শুনে সে কান্নায় ভেঙে পড়েছে। নিউ সাউথ ওয়েলসের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোকস্তম্ভ গড়ার ঘোষণা দেওয়া হয়েছে। সামনের বৃহস্পতিবার গ্যাবায় অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। কিন্তু এই পরিস্থিতিতে খেলোয়াড়দের ভাবনায় ক্রিকেট নামের খেলাটা নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড তো বলেই দিয়েছেন, ‘আমরা সবাই ক্রিকেট ভালোবাসি। ফিলিপের চেয়ে খেলাটাকে কেউ ভালোবাসেনি। ক্রিকেট চলবে, সেটা আমরা তৈরি থাকার পরই। সত্যি বলতে কী, এসব নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কোনো কথাই হয়নি। কারও কারও কাছে সাত দিন হয়তো খুব একটা দূরের মনে হবে না, কিন্তু অনেকের কাছে এটা যোজন যোজন দূরের। দেখা যাক কী হয়।’
কিন্তু শন অ্যাবট, তিনি কেমন আছেন? তাঁর বাউন্সারেই লুটিয়ে পড়েছিলেন হিউজ, পরশুই জানা গিয়েছিল ঘটনার আকস্মিকতায় তরুণ এই পেসার রীতিমতো বোবা হয়ে গিয়েছিলেন। এত বড় ধাক্কা কি সামলে উঠতে পারবেন অ্যাবট? সাদারল্যান্ড কাল অবশ্য আশার বাণীই শোনালেন, ‘মানুষ যেভাবে শনের জন্য সহানুভূতি দেখিয়েছে সেটা আসলেই দারুণ। শন ভালোভাবেই সামলে উঠছে, আমি গত রাতে ওর সঙ্গে কথা বলেছি। ও যে সহনশীলতা ও মানসিক পরিপক্বতার পরিচয় দিয়েছে তাতে আমি আসলেই অভিভূত।’
ক্রিকেট একজন ফিলিপ হিউজকে হারিয়েছে, সেই শোকের কাছে একজন শন অ্যাবটকে নিশ্চয়ই হারাতে চায় না? ক্রিকইনফো, এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড।