হিউজের মৃত্যু নিয়ে তদন্ত
শন অ্যাবটের বাউন্সারটা ছোবল মেরেছিল ফিলিপ হিউজের ঘাড়ে। অচেতন হয়ে পড়ে যাওয়া সাবেক অস্ট্রেলীয় ওপেনারের আর জ্ঞান ফেরেনি। মাত্র ২৫ বছর বয়সেই মৃত্যুর কাছে হার মানেন হিউজ।
মর্মান্তিক এই মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো ক্রীড়াবিশ্বকেই। অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যু কীভাবে এড়ানো যায়? ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কাজ শুরু করেছে সেটা নিয়েই। হিউজের মৃত্যুর মাস ছয়েক পর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করল সিএ। না, কাউকে দোষারোপ করার জন্য নয়, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর পথই বাতলে দেবে এ কমিটি।
কাল ঘোষিত তদন্ত কমিটির প্রধান অস্ট্রেলিয়ান বার কাউন্সিলের প্রেসিডেন্ট ডেভিড কার্টেইন কিউসি। সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড কাল তদন্ত কমিটির নাম ঘোষণা করতে গিয়ে বললেন, ‘যখন ঘটনাটি ঘটল, আমি বলেছিলাম এটা অদ্ভুত এক দুর্ঘটনা। কিন্তু আমরা ক্রিকেট মাঠে এ ধরনের দুর্ঘটনা আর দেখতে চাই না।’