হিউজের মৃত্যুর এক বছর, কতটা নিরাপদ ক্রিকেটাররা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউজের দুর্ভাগ্যজনক মৃত্যুর এক বছর হতে চলল, কিন্তু এখনো কি নিরাপদ ক্রিকেটাররা? সংগৃহীত ছবি
হিউজের দুর্ভাগ্যজনক মৃত্যুর এক বছর হতে চলল, কিন্তু এখনো কি নিরাপদ ক্রিকেটাররা? সংগৃহীত ছবি

আজ থেকে ঠিক এক বছর আগে শোকে নুয়ে পড়েছিল গোটা ক্রিকেট-দুনিয়া। মাথায় বল লেগে অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল সবাইকে। তবে সেই শোকের মধ্যেও ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নটি এসে দাঁড়িয়েছিল সামনে। খেলোয়াড়েরা হয়েছিলেন আতঙ্কিত, ক্রিকেট প্রশাসকদের মধ্যে জেগেছিল আত্মোপলব্ধি। সারা পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া এই মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল ক্রিকেট মাঠে কতটা নিরাপত্তাহীন এই খেলার খেলোয়াড়েরা। এক বছর পর সেই নিরাপত্তার প্রশ্নটিই সবচেয়ে বেশি আলোচিত।
আজ অ্যাডিলেডে শুরু ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। হিউজের প্রথম মৃত্যুবার্ষিকীর সঙ্গে কাকতালীয়ভাবে ঐতিহাসিক মুহূর্তটি মিলে গেছে, টেস্টটি তাই উৎসর্গিত হিউজ-স্মরণে। কিন্তু অনেকেই বলছেন, হিউজকে সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে তখনই যখন মাঠে খেলোয়াড়েরা নিজেদের নিরাপদ ভাবতে পারবেন। হিউজকে হারিয়েই অবশ্য ক্রিকেট মাঠের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া, মাঠে বাড়ানো হয় প্রাথমিক চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত জনবলের উপস্থিতি। হেলমেট ব্যবহারের ক্ষেত্রেও আনা হয়েছে বাধ্যবাধকতা। শুধু ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্ধারিত নিরাপত্তা-মানদণ্ড অনুসারে তৈরি হেলমেট পরেই এখন খেলতে হয় অস্ট্রেলীয় ক্রিকেটারদের।
সদ্যই ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলীয় ব্যাটসম্যান ক্রিস রজার্স মনে করেন হিউজের কথা মাথায় রেখেই প্রতিটি হেলমেটে ‘নেক গার্ড’ বাধ্যতামূলক করা উচিত। অস্ট্রেলীয় ঘরোয়া ক্রিকেটের ম্যাচটিতে শন অ্যাবটের ভয়ংকর বাউন্সারটি যখন হিউজকে আঘাত করে, তখন তাঁর মাথায় হেলমেট ছিল। কিন্তু ঘাড়ের নরম অংশে বল লাগাতেই ঘটে মৃত্যু। রজার্সের মতে এই নেক গার্ড ব্যাটসম্যানদের নিরাপত্তায় যথেষ্ট কার্যকর, ‘অনেকেই অস্বস্তি বোধ করতে পারেন, কিন্তু সবারই এই নেক গার্ড ব্যবহার করা উচিত। এ ক্ষেত্রে আইনটাকে হতে হবে কড়া।’

তবে ক্রিকেটারদের নিরাপত্তায় এসব উদ্যোগকেও যথেষ্ট মনে করেন না হিউজের ক্রিকেট-গুরু নিল ডি কস্তা, ‘ক্রিকেট মাঠে খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার, তবে আমি মনে করি আমরা যা করেছি তা এখনো যথেষ্ট নয়। আমরা বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার প্রচলন করেছি ঠিকই, কিন্তু ভবিষ্যতে কারও সন্তানের ক্ষেত্রে যাতে এমন দুঃখজনক ঘটনা না ঘটে সেটি কি নিশ্চিত করতে পেরেছি?’
গোলাপি বলে, দিবারাত্রির টেস্ট ম্যাচ দিয়ে নতুন ইতিহাস সৃষ্টির মুহূর্তেও ক্রিকেটীয় নিরাপত্তার বিষয়টি সামনে চলে আসছে। গোলাপি বল রাতে বেশি সুইং করে, এটা বাড়তি দুশ্চিন্তার কারণ। ডি কস্তার দৃষ্টিতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবা উচিত, ‘প্রতিটি দলই যদি রাতের বেলায় গোলাপি বলে অতিরিক্ত সুইং করার সুবিধাটা নিতে চায়, তাহলে ভয়াবহ এক ব্যাপার হয়ে দাঁড়াবে।’ পার্থ টেস্টের মরা উইকেটেও মিচেল স্টার্কের ‘আগুনে গোলা’র কথা ভেবে ডি কস্তা শঙ্কিত। গোলাপি বল ফ্লাডলাইটের আলোয় পরিষ্কার দেখতে পাওয়া যায় না-এটাও তো ভয়ের ব্যাপার। গত বুধবার অ্যাডিলেড ওভালে অনুশীলনের সময় মিচেল মার্শের একটি শট মাথায় লেগেছিল এক নেট বোলারের! এএফপি।