হিউজের মৃত্যুর জন্য হেলমেট দায়ী নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউজের মৃত্যু আজও কাঁদায়! ফাইল ছবি
হিউজের মৃত্যু আজও কাঁদায়! ফাইল ছবি

৬৩ নট আউট—ক্রিকেটে অনেক বিষাদমাখা এক সত্যি। ২০১৪ সালের ২৫ নভেম্বর পুরো ক্রিকেটবিশ্বকে বিষাদে ভাসিয়ে যে পৃথিবী ছেড়ে গিয়েছিলেন ফিলিপ হিউজ। সাউথ অস্ট্রেলিয়া ওপেনার ৬৩ রানে ব্যাট করতে থাকা অবস্থায় হঠাৎই শন অ্যাবটের একটা বাউন্সার হেলমেটের গ্রিল ফাঁকি দিয়ে এসে লাগল ঘাড়ের বাঁ পাশের ওপরের দিকে। মাঠেই পড়ে গিয়েছিলেন, পরে তাঁকে নিয়ে যাওয়া হলো সিডনি হাসপাতালেও। ৬৩ রানেই চিরদিন অপরাজিত রয়ে গেলেন, কিন্তু জীবনের ইনিংসে ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের আর ফেরা হয়নি।
বিষাদমাখা এই মৃত্যু কয়েকটি প্রশ্নও তুলে দিয়েছিল, হেলমেটটা আরেকটু নিরাপত্তা দিলে কি ঠেকানো যেত হিউজের মৃত্যু? কিংবা চিকিৎসা পেতে দেরিও কি একটা কারণ ছিল হিউজের মৃত্যুর? ক্রিকেট অস্ট্রেলিয়াও এ নিয়ে একটি স্বাধীন তদন্ত করিয়েছিল। মেলবোর্নের ব্যারিস্টার ডেভিড কার্টেনের নেতৃত্বাধীন সেই কমিটির তদন্তের ফল আজ প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নতুন হেলমেটেও দুর্ঘটনা হয়তো ঠেকানো যেত না। বলটা হিউজের ঘাড়ের যে অংশে লেগেছে, আধুনিক ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট পরে থাকলেও বলটা সেখানেই গিয়ে লাগতে পারত। চিকিৎসা পেতে দেরিও হিউজের মৃত্যুর পেছনে কোনো কারণ নয় বলে জানিয়েছে তদন্ত কমিটি। 

কার্টেন তাঁর প্রতিবেদনে লিখেছেন, ‘ফিলিপের মাথার যে অংশে বল লেগেছে, তাতে আমার মনে হয় না নতুন হেলমেটও বাড়তি নিরাপত্তা দিতে পারত। কারণ এই হেলমেটে ঘাড়ের পেছনের দিকের অংশের নিরাপত্তা ব্যবস্থাও একই।’ চিকিৎসা ব্যবস্থা নিয়ে লিখেছেন, ‘আঘাত পাওয়ার পর ফিলিপ যে চিকিৎসা পেয়েছে, সেটি কখনোই মৃত্যুর কারণ নয়। চোটের ধরন আর ভয়াবহতাই তেমন ছিল।’
হিউজের মতো আর কাউকে যেন এমন দুর্ঘটনার শিকার হতে না হয়, সেটি নিশ্চিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া এখন হেলমেট পরা বাধ্যতামূলক করে দিয়েছে। ম্যাচে তো বটেই, অনুশীলন সেশনের সময়ও পেস বোলিংয়ের মুখোমুখি হলে ব্যাটসম্যানদের হেলমেট পরতে হবে। হেলমেট পরতে হবে উইকেটকিপার ও ব্যাটসম্যানের আশপাশে থাকা ফিল্ডারদেরও।

কার্টেনের তদন্তের মূল প্রাপ্তিগুলো এক নজরে —
* মাথায় আঘাত পাওয়ার পর ফিলিপ হিউজ যে চিকিৎসা পেয়েছিলেন, সেটি যথার্থ ছিল।
* ব্রিটিশ মানের যে হেলমেটগুলো পরার নির্দেশ দেওয়া হচ্ছে, সেটিও হিউজের মাথায় বল লাগার অংশে বাড়তি নিরাপত্তা দিতে পারত না।
* এখনকার হেলমেটের ঘাড়ের অংশের গার্ড যে এমন ঘটনা ঠেকাবে তার তেমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। এ নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন।
* ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদিত সব প্রতিযোগিতায় মাঠে সব সময় ‘ডেফিব্রিলেটর’ রাখতে হবে, যাতে এমন দুর্ঘটনায় খেলোয়াড়দের হৃদযন্ত্রের স্বাভাবিক অবস্থা ধরে রাখা যায়। সূত্র: এবিসি।