হিউজের শেষকৃত্য আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাক্সভিল হাইস্কুলের সবুজ মাঠে দেদার চার-ছক্কা মেরেছেন, দুর্দান্ত কিছু ইনিংসও হয়তো খেলেছেন। ফিলিপ হিউজ আজ সেখানে আর ক্রিকেট খেলতে আসবেন না, আসবেন চিরচেনা সেই মাঠের সঙ্গে মিশে একাকার হয়ে যেতে। যে শহর তাঁর সবকিছুর সঙ্গে জড়িয়ে, সেখানেই আজ বাংলাদেশ সময় সকাল নয়টায় হবে হিউজের শেষকৃত্যানুষ্ঠান।
ম্যাক্সভিল শহরটা এমনিতে ছোট্ট, ছিমছাম। নিউ সাউথ ওয়েলসের মাত্র সাত হাজার লোকের এই শহরে আজ নামবে মানুষের ঢল। ধারণা করা হচ্ছে, প্রায় পাঁচ হাজার মানুষ উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। অস্ট্রেলিয়া দলের সবাই তো থাকবেনই, থাকার কথা স্যার রিচার্ড হ্যাডলি, মার্ক টেলর, স্টিভ ওয়াহ, ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টদের মতো সাবেকদের। ভারতের বিরাট কোহলি, রবি শাস্ত্রীদেরও থাকার কথা। তবে সবচেয়ে কঠিন কাজটা করতে হচ্ছে ক্লার্ক ও ফিঞ্চকে, বইতে হবে হিউজের কফিন। প্রয়াত অস্ট্রেলিয়া ক্রিকেটারের বাবা গ্রেগ, ভাই জ্যাসন, দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্রিকেটার টম কুপার ও কয়েকজন বন্ধুও সঙ্গী হবেন তাঁদের। ক্লার্কের সঙ্গে বক্তব্য দেওয়ার কথা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের ও হিউজের পরিবারের একজনের।
আজ ম্যাক্সভিলের স্থানীয় সময় ঠিক দুইটায় স্থবির হয়ে যাবে জীবনযাপন। শেষকৃত্য শুরু হবে তখনই। হিউজের পরিবার যত বেশি সম্ভব লোকের উপস্থিতি চায়। অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে অনুষ্ঠান। সিডনি, মেলবোর্নের মতো শহরগুলোতে দেখানো হবে বড় পর্দায়।
আগামীকাল ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হিউজের মৃত্যুতে ম্যাচটা পিছিয়ে ৯ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে। আগামীকাল অস্ট্রেলিয়া দলের ক্যাম্প শুরু হলেও মাঠে নামতে আরও ছয় দিন। ক্লার্করা তত দিনে একটু স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? তবে মাঠে নামতে খেলোয়াড়দের কোনো চাপ দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন সাদারল্যান্ড। সম্ভাব্য সব রকম মানসিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। এএফপি, ক্রিকইনফো।