হিউজের স্বপ্নের যৌথ খামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল হিউজের যত্নে গড়া সেই খামার l ফাইল ছবি
ফিল হিউজের যত্নে গড়া সেই খামার l ফাইল ছবি

তিনি নেই। খেলতে গিয়ে বাউন্সারে চোট পেয়ে না ফেরার দেশে চলে গেছেন গত ২৭ নভেম্বর। কিন্তু না থেকেও কী প্রবলভাবে আছেন ফিল হিউজ! ক্রিকেট বিশ্বই ভোলেনি, আর যাঁরা তাঁর বন্ধু ছিলেন, ছিলেন সতীর্থ কিংবা কাছের মানুষ, তাঁরা ভোলেন কী করে! তাই তো মাইকেল ক্লার্ক আর ডেভিড ওয়ার্নাররা যখন মাঠে নামেন, তাঁদের ছায়াসঙ্গী হয়ে থাকেন হিউজ। বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্কও যেমন বলেছিলেন, ‘সব স্কোয়াডে থাকে ১৫ জন, আমরা খেলেছি ১৬ জন নিয়ে। হিউজ আমাদের সঙ্গেই ছিল।’
শুধু ক্রিকেট মাঠই নয়, না থেকেও হিউজ আছেন আরও একটা জায়গায়। ম্যাকসভিল শহরের উত্তর উপকূলে হিউজের বাড়ির পাশে একটা খামারে। ২২০ একর জায়গা নিয়ে গবাদিপশুর এই খামারটা গড়ে তুলেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ক্রিকেটের অবসরে এ খামারই ছিল হিউজের ধ্যানজ্ঞান, নেশা। ছেলের অনুপস্থিতিতে খামারটা দেখভালের পুরো দায়িত্ব নিয়েছেন বাবা গ্রেগ হিউজ। বয়ে চলেছেন তাঁর ছেলের স্মৃতিও।

ফিল হিউজ
ফিল হিউজ


খুব বড় খামার ব্যবসায়ী হওয়ার ইচ্ছে ছিল না হিউজের। বরং জীবজন্তুর প্রতি ভালোবাসা থেকেই গড়ে তুলেছিলেন খামারটা। গবাদিপশুগুলোর যত্ন নিতেন, খামারে সময় কাটাতে ভালোবাসতেন। হিউজকে সঙ্গ দিতেন তাঁর পিতা গ্রেগ আর স্থানীয় বন্ধু কোরি আয়ারল্যান্ড। খামারের প্রতি তাঁর ভালোবাসাটা ধরা পড়ে বাবা গ্রেগের কথায়, ‘ওর যখন ১২ বছর বয়স, আমরা প্রথম একটা গাভি কিনলাম। তখন থেকেই তার খামার করার ইচ্ছা। সে ছোট শহরের অন্য ছেলেদের মতোই ছিল। পশুপাখি খুব ভালোবাসত।’
খামার করার পর সেটির ব্যবসায়িক অংশীদার হিসেবে যোগ দিয়েছিলেন বন্ধু আয়ারল্যান্ডও। বন্ধুর স্মৃতিচারণা করতে গিয়ে আয়ারল্যান্ড বললেন, ‘ক্রিকেট ছিল হিউজের পেশা আর নেশা ছিল এই খামারটা। এটাকে আরও অনেক বড় করার স্বপ্ন ছিল তার।’
সেই স্বপ্ন সত্যি করার আগেই না ফেরার দেশে চলে গেছেন হিউজ। তবে বাবা গ্রেগ আর বন্ধু আয়ারল্যান্ড এখন ব্রত হিসেবে নিয়েছেন হিউজের অধরা স্বপ্ন সত্যি করার। গবাদিপশুর সংখ্যা বাড়িয়েছেন। শুধু তাই নয়, হিউজের সম্মানে গবাদি খাতে অবদান রাখার জন্য একটা পুরস্কারেরও প্রবর্তন করেছেন এঁরা দুজন। কিছুদিন আগে ইস্টারের সময় প্রথমবারের মতো সেই পুরস্কারও তুলে দিয়েছেন ম্যাকসভিলের এক দম্পতির হাতে।
ও হ্যাঁ, হিউজের সম্মানে খামারের নামটাও কিন্তু বদলে গেছে। অস্ট্রেলিয়ার ৪০৮ নম্বর টেস্ট ক্রিকেটার ছিলেন হিউজ। তাঁর হাতে গড়া খামারটার নামও তাই রাখা হয়েছে ‘৪০৮ অ্যাঙ্গাস খামার’। দ্য টেলিগ্রাফ (অস্ট্রেলিয়া)।