অবসর নেওয়ার আগেই কোচিং অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ড্যানিয়েল ভেট্টোরি। মাত্রই অবসর নেওয়া সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক গত মৌসুমে কোচ ছিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, এবারও থাকবেন। তবে বিশ্বকাপ শেষে অবসর নেওয়া কিউই স্পিনার এবার কোচিংয়ে জড়ালেন আরও ওতপ্রোতভাবে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ দল ব্রিসবেন হিটের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভেট্টোরি। চুক্তিটা আপাতত তিন বছরের। আগামী মাসে আইপিএল শেষ হওয়ার পরই নতুন দলে যোগ দেবেন ভেট্টোরি, কোচ হিসেবে নতুন হলেও বিগ ব্যাশের শুরু থেকেই ব্রিসবেনের দলটিতে খেলেছেন।
স্টুয়ার্ট লর জায়গায় আসছেন ভেট্টোরি। ব্রিসবেন হিট গত মৌসুমে বিগ ব্যাশে একদম তলানিতে জায়গা পাওয়ার পর পদত্যাগ করেন কোচ ল ও অধিনায়ক জেমস হোপস। এই প্রথম কুইন্সল্যান্ডের টি-টোয়েন্টি দলটা স্বতন্ত্র কোচ পাচ্ছে। এর আগে কুইন্সল্যান্ডের শেফিল্ড শিল্ড ও ম্যাটাডোর ওয়ানডে কাপের কোচিং স্টাফরাই হিটের দায়িত্ব সামলাতেন। ৩৬ বছর বয়সী ভেট্টোরি নিজেই তাই মনে করছেন এই দায়িত্বটা খুব বড়, ‘এটা খুব বড় দায়িত্ব, তবে আমি দায়িত্ব নিতে পেরে রোমাঞ্চিত।’ ক্রিকইনফো।