হিসাবরক্ষক থেকে অস্ট্রেলিয়ার পেস-ভরসা!

প্রতিদিন সময় মেনে অফিসে আসা, একগাদা নম্বর নিয়ে সারা দিন নাড়াচাড়া। ছকে বাঁধা এমন জীবনে হয়তো আর মেনে নিতে পারছিলেন না অ্যান্ড্রু ফেকেটে। হিসাবরক্ষকের নিস্তরঙ্গ জীবন ফেলে রেখে হঠাৎ পেশা বদলের চিন্তা হয়তো এ জন্যই মাথায় এসেছিল তাঁর। ২৮ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমেই চমকে দিয়েছেন ফেকেটে। আর মাত্র দুই বছর ক্রিকেট খেলেই অস্ট্রেলিয়া দলে ডাক পেয়ে অবাক করেছেন সবাইকে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ সফরেই ‘ব্যাগি গ্রিন’ মাথায় চাপাবেন ফেকেটে।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে ফেকেটের আবির্ভাব ২০১২ সালে। ২৬ বছর বয়সে এসে ক্রিকেট খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ঘটনা বেশ বিরল। অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে তো সেটি আরও বেশি অবাক করার মতো ব্যাপার। ভিক্টোরিয়ার হয়ে লিস্ট ‘এ’র ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিলেন ফেকেটে। অভিষেকেই দুই উইকেট পেয়েছিলেন কিন্তু হাসি মুখে মাঠ ছাড়তে পারেননি ফেকেটে। থিও ডরুপোলাসের জোরালো শটে ভাঙা পা নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
এরপর আবারও দেড় বছরের বিরতি। এর মাঝে দল বদলে তাসমানিয়াতে চলে এলেন। ২০১৩ সালের শেষ দিকে তাসমানিয়ার হয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। বয়স তত দিনে ২৮ পেরিয়ে গেছে। অস্ট্রেলিয়ার মাপকাঠিতেও বয়সটা অনেক বেশি। কিন্তু ফেকেটে এসব পাত্তা দেননি। গত শেফিল্ড শিল্ডেই ৩৭ উইকেট নিয়েছেন মাত্র ২৪.১০ গড়ে। পেস বোলারদের মধ্যে সবচেয়ে উইকেট পেয়েছেন তিনিই।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরের দলে জায়গা পেলেন। ২ ম্যাচে ৫ উইকেট পেয়ে বুঝিয়ে দিয়েছেন উপমহাদেশেও সফল হওয়ার সামর্থ্য তাঁর আছে। সে জন্যই মাত্র ১৮টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচের অভিজ্ঞতাতেই অস্ট্রেলিয়ান দলে ডাক পেয়েছেন। তবে মূল দলে জায়গা পেতে বেশ কষ্টই করতে হবে তাঁকে। এই দলে যে খুব বেশি পরিচিত নেই তাঁর।
খোদ অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথও স্বীকার করেছেন, তিনি নিজেও এন্ড্রু ফেকেটেকে খুব ভালো করে চেনেন না। তাঁর বোলিংও তেমন একটা দেখা হয়নি। তবে ফেকেটে নিজে এ নিয়ে চিন্তিত নন। তাসমানিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে পেরেই খুশি ছিলেন। সেখানে অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়া তো অনেক বিশাল এক ব্যাপার।
‘গত বারোটি মাস ছিল অন্যরকম। তাসমানিয়ার হয়ে খেলার সুযোগ পেয়েই ধন্য হয়েছিলাম। আমি শুধু ভালো খেলতে চেয়েছিলাম। তাসমানিয়ার সঙ্গে আমার দুই বছরের চুক্তি ছিল। তারা যদি চুক্তির শেষে বলত, “ধন্যবাদ, তোমাকে আর দরকার নেই”, তবুও কোনো আক্ষেপ থাকত না।’ বলেছেন তিনি।
আপাতদৃষ্টিতে তরুণ এক দলের নতুন মুখ হিসেবে বাংলাদেশে আসছেন ফেকেটে। বয়সের বিচারে অবশ্য দলের বুড়োদের ভাগেই পড়বেন। পেশাদার ক্রিকেট খেলতে এসেছেনই দেরিতে করে। গৎবাঁধা জীবন থেকে মুক্তি পেতেই বেছে নিয়েছেন খেলাকে। তাই শুধু ক্রিকেট খেলতে পেরেই আনন্দিত ফেকেটে। জাতীয় দলে জায়গা পাওয়া বা অন্য কিছু নিয়েই মাথা ঘামাতে রাজি নন তিনি।