হুদহুদে উড়ে গেল ভারতের শীর্ষের সম্ভাবনা?

ঘূর্ণিঝড় হুদহুদের কারণে বিশাখাপট্টনমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি হচ্ছে না—মাঠে গড়ানোর দুই দিন আগেই তা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু হুদহুদের কারণে নাকি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার সম্ভাবনাও নষ্ট হয়েছে ভারতের!
সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করে আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ১১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা, সমান পয়েন্ট নিয়ে তিনে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি বিশাখাপট্টনমের ম্যাচটি হতো এবং সে ম্যাচে ভারত জিতত, একই সঙ্গে ১৭ অক্টোবর ধর্মশালায় চতুর্থ ম্যাচ ও ২০ অক্টোবর কলকাতায় পঞ্চম ম্যাচেও জেতে, তাহলে নাকি ভারতের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার সম্ভাবনা থাকত। এখন যদি ধর্মশালা ও কলকাতার ম্যাচ দুটি জেতে তবুও শীর্ষে উঠতে পারবে না ভারত। কারণ, এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার চেয়ে ০.০২ পয়েন্ট ঘাটতি থাকবে ভারতের।
এখানে সবই হিসাব করা হয়েছে ভারতের জয় ধরেই। কিন্তু কথা হলো, বাকি দুই ম্যাচ ভারত জিতবে, সে নিশ্চয়তা কী? সিরিজ এ মুহূর্তে ১-১ সমতায় রয়েছে। তথ্যসূত্র: পিটিআই।