হুমকি দিয়ে কী ভুলটাই না করেছে নামিবিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঘটনের স্বপ্ন এভাবেই ভেঙেছে নামিবিয়ার। ছবি: প্রথম আলো
অঘটনের স্বপ্ন এভাবেই ভেঙেছে নামিবিয়ার। ছবি: প্রথম আলো

শুধু বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়েছে বলেই নয়, দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে থেকেই নামিবিয়া যেন চোখ রাঙাতে শুরু করেছিল। দলটির কোচ রাঙ্গারিরাই মানিয়ান্ডে স্কটল্যান্ডকে হারিয়েই হুংকার দিয়ে রেখেছিলেন, তাঁর দল গ্রুপের অন্য দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকেও হারিয়ে দিতে পারে। নিজেদের কথা ‘অর্ধেক সত্য’ প্রমাণও করে ফেলেছিল প্রোটিয়া যুবাদের হারিয়ে।

দুই দলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। আজকের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হয়ে শেষ আটে ভারতকে এড়ানোর। টসের আগ পর্যন্ত দুই দলই সমবিন্দুতে। কিন্তু বাংলাদেশ বোলিং শুরু করতেই বোঝা গেল, দুই দলের মধ্যে কত পার্থক্য। নামিবিয়ার হয়তো আক্ষেপই হচ্ছে, ম্যাচের আগে মনস্তাত্ত্বিক খেলাটা না খেললেই ভালো হতো। বাংলাদেশ এতটা চড়াও হয়তো হতো না।
মিরাজরা আজ এতটুকু ছাড় দেয়নি প্রতিপক্ষকে। আর হুমকির প্রত্যুত্তরে নামিবিয়ার সঙ্গী হলো দুটি লজ্জার রেকর্ড। এক ম্যাচেই! এবারের আসরে সবচেয়ে কম রানে অলআউট হয়েছে নামিবিয়া। এবারের আসরে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়টিও সঙ্গী হয়েছে তাদের। এ ক্ষেত্রে ফিজি একটা ধন্যবাদ দিতেই পারে নামিবিয়াকে। ভিন্ন দুই ম্যাচে যে দুটি লজ্জা তাদের সঙ্গী হয়েছিল, নামিবিয়া এক ম্যাচেই দুই লজ্জা থেকে ফিজিকে ‘উদ্ধার’ করল।
ইংল্যান্ডের বিপক্ষে ফিজি অলআউট হয়েছিল ৭২ রানে। আজ নামিবিয়া করতে পারল ৬৫। আরেক ম্যাচে ফিজিকে ১৮৭ বল বাকি থাকতেই হারিয়েছিল জিম্বাবুয়ে। আজ বাংলাদেশ জিতল ২০৪ বল আগেই।
এই দুই লজ্জা থেকে মুক্তি মিললেও আরেকটি রেকর্ডে কিন্তু ফিজির নাম থাকছেই। ইংল্যান্ডের বিপক্ষে ২৯৯ রানে হেরেছিল তারা। এবারের আসরের সবচেয়ে বড় তো বটেই, যুব আন্তর্জাতিক ওয়ানডেতেই রানের হিসাবে এটি তৃতীয় বৃহত্তম পরাজয়ের রেকর্ড।
তবে ফিজি-নামিবিয়ারা স্বস্তি পেতে পারে যুব ওয়ানডের রেকর্ডগুলোর দিকে তাকালে। ২০০৪ সালে বাংলাদেশ অনুষ্ঠিত যুব বিশ্বকাপে চট্টগ্রামের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২২ রানে গুটিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। আন্তর্জাতিক যুব ওয়ানডেতে এটিই সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড। ২০০২ সালে কেনিয়াকে ৪৩০ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। রানের ব্যবধানে এটিই সবচেয়ে বড় জয়-পরাজয়। ২০০৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ২৭৭ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া। বলের ব্যবধানে এটি যুব ওয়ানডের সবচেয়ে বড় জয়।

যুব বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর

স্কোরদল প্রতিপক্ষভেন্যুসাল
২২স্কটল্যান্ডঅস্ট্রেলিয়াচট্টগ্রাম২০০৪
৪১বাংলাদেশদ.আফ্রিকাকুয়ালালামপুর২০০৮
৪১কানাডাদ.আফ্রিকাঅকল্যান্ড২০০২
৪৬উগান্ডাইংল্যান্ডচট্টগ্রাম২০০৪
৪৭মালয়েশিয়ানিউজিল্যান্ডজোহর২০০৮
৫০কেনিয়াঅস্ট্রেলিয়াডানেডিন২০০২
৫৩নিউজিল্যান্ডঅস্ট্রেলিয়ামোরাতুয়া২০০০
৫৩পাপুয়া নিউগিনিপাকিস্তানলিংকন২০০২
৫৫নামিবিয়াঅস্ট্রেলিয়াকলম্বো২০০০
৫৫বারমুডাইংল্যান্ডকুয়ালালামপুর২০০৮