হুমকিই তো দিলেন মরকেল!
বাংলাদেশ সফর থেকে এখন পর্যন্ত তাহলে মরনে মরকেলের প্রাপ্তি শূন্য!
টি-টোয়েন্টির দলেই ছিলেন না। ওয়ানডে দলে থাকলেও খেলেছেন শুধু চট্টগ্রামে শেষ ম্যাচটায়। উইকেট পাননি। একই মাঠে সিরিজের প্রথম টেস্টে যতটুকু খেলা হয়েছে, তাতেও মরকেলকে কোনো উইকেট দেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বাকি রইল মিরপুর টেস্ট। ফিরতি বিমানে ওঠার আগে কিছু কি নিয়ে যেতে পারবেন দক্ষিণ আফ্রিকান পেসার?
এমন নয় যে ফর্ম খারাপ যাচ্ছে মরকেলের। চট্টগ্রামের আগে সর্বশেষ ৬ টেস্টেই তো ২৮ উইকেট! ৬৩ টেস্টের ক্যারিয়ারের এর আগে উইকেটশূন্য থেকেছেন শুধু দুবার—২০০৮ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে, একই বছর ইংল্যান্ডের বিপক্ষে ওভালে। চট্টগ্রামে অবশ্য বৃষ্টির কারণে বল করার সুযোগ হয়েছে একটা ইনিংসেই। তারপরও ১৯ ওভার বোলিং করেও মরকেলের উইকেটশূন্য থাকাটা বলার মতোই ব্যাপার। আগামীকাল শুরু মিরপুর টেস্ট তাই মরকেলের জন্য একটু চ্যালেঞ্জ হয়েই আসছে। দক্ষিণ আফ্রিকান পেসার অবশ্য উপমহাদেশে বোলিং করাটাকেই চ্যালেঞ্জ মনে করেন এবং সেই চ্যালেঞ্জ নাকি উপভোগও করেন, ‘আমার তো মনে হয়, আমি উপমহাদেশে বল করাটা বেশ উপভোগ করি। কারণ, এখানে আমি দক্ষিণ আফ্রিকার মতো বাউন্স পাই না। সুতরাং আমাকে আরও বেশি মাথা খাটাতে হয়।’
উপভোগ যে করেন, সেটা অবশ্য পরিসংখ্যানও বলছে। ৬৩ টেস্টে ২৯.৫৮ গড়ে ২১৭ উইকেট। এর মধ্যে উপমহাদেশে ১০ টেস্টে ৩০.৭০ গড়ে ৩০ উইকেট। চট্টগ্রামে উইকেটশূন্য না থাকলে গড়টা ক্যারিয়ার গড়ের মতোই থাকত।
বড় চ্যালেঞ্জ মরকেলের দলের জন্যও। বৃষ্টিতে চট্টগ্রামে শেষ দুদিন খেলা না হলেও প্রথম ইনিংসে লিড নিয়েছিল বাংলাদেশই। অথচ দক্ষিণ আফ্রিকা টেস্টের এক নম্বর দল। র্যাঙ্কিংয়ে নয় নম্বর দলের বিপক্ষে যেটিকে বলা যায় ‘নৈতিক পরাজয়’! প্রতিপক্ষ লিড নিয়ে ফেললে সেই দায় দলের ব্যাটসম্যানদের, তবে সহজ করে ভাবলে তা বোলারদের ওপরও বর্তায়। স্টেইন-মরকেলরাই তো বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার চেয়ে কম স্কোরে বেঁধে রাখতে পারেননি। পরোক্ষভাবে সেটি মেনে নিয়েই মরকেল বললেন, ‘আমরা আবার ওদের ব্যাটিং লাইন আপটা বিশ্লেষণ করেছি। এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামব আমরা। আশা করছি, দ্বিতীয় টেস্টে আমাদের পরিকল্পনাটা কাজে দেবে। সময় এসেছে আমাদের একটু গা ঝাড়া দিয়ে ওঠার। উঠে সবাইকে দেখানোর কেন আমরা টেস্টের এক নম্বর দল।’
সেটা দেখানোর একটি পূর্বশর্তও কিন্তু আছে। শ্রাবণধারা যেন চট্টগ্রামের মতোই বাদ না সাধে। ঢাকায় ফেরার পর পরশু বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করা হয়নি কোনো দলের। দক্ষিণ আফ্রিকা অবশ্য ঝিরিঝিরি বৃষ্টিতেই ফুটবল খেলেছে কিছুক্ষণ। কাল দুপরে ঝলমলে রোদ দেখে মরকেলের মুখে বিশাল হাসি, ‘খুব ভালো লাগছে। হোটেলে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল আমরা “কেবিন ফিভার”-এ আক্রান্ত হয়ে গেছি। সে জন্যই কাল বৃষ্টির মধ্যেও ফুটবল খেলেছি। এই টেস্টটা হবে ভেবেই আমরা রোমাঞ্চিত। ১১ জন ক্ষুধার্ত প্রোটিয়া অপেক্ষায় আছে।’
শেষ কথাটায় বোধ হয় বাংলাদেশকে একটা হুমকিই দিলেন মরকেল!