হুমকিতে বন্ধ আজমলের একাডেমি
হত্যার হুমকি, আত্মঘাতী বোমাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড প্রায় নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানে। তেমনই এক হুমকিতে এবার ফয়সালাবাদে নিজের ক্রিকেট একাডেমি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বিশ্বকাপে খেলতে পারছেন না আজমল। কিছুটা সময় তাই দিতে চেয়েছিলেন নিজের ক্রিকেট একাডেমিতে। কিন্তু চরমপন্থীদের হুমকিতে সেই একাডেমিই যে এখন তালা মেরে দিতে হচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের একটি স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে প্রায় দেড় শ ছাত্রছাত্রী। আজমলের ক্রিকেট একাডেমিও ফয়সালাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের দেওয়া জমিতে, যেখানে ক্রিকেটের পাশাপাশি অন্য শিক্ষাও নেয় প্রায় দুই শ শিক্ষার্থী। কয়েক দিন আগে উগ্রপন্থীরা দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ছোট ছেলেমেয়েদের জীবন নিয়ে তাই ঝুঁকি নিতে চাইছেন না আজমলও। পিটিআই।