হুমকির মুখে সাকলায়েনের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রায় দেড় যুগ ধরে রেকর্ডটি সাকলায়েন মুশতাকের। তবে এবার বোধ হয় সেটি বিসর্জন দেওয়ার সময় হলো।
১৯৯৭ সালে নিজের ৫৩তম ম্যাচে ওয়ানডে উইকেটের ‘সেঞ্চুরি’ ছুঁয়েছিলেন সাকলায়েন। সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার এই রেকর্ড ভেঙে দেওয়ার হুমকি দিয়েও শেষ পর্যন্ত পারেননি দুই ফাস্ট বোলার শেন বন্ড ও ব্রেট লি। বন্ডের এক ম্যাচ বেশি লেগেছিল, লির দুই ম্যাচ।
তা সাকলায়েনের রেকর্ডকে নতুন করে চোখ রাঙাচ্ছেন কে? বেশ কটি নাম আসবে। সবার আগে মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলারের কাজটা এক অর্থে ‘খুবই সহজ’। সাকলায়েনের রেকর্ড ভাঙতে ৮ ম্যাচে তাঁর চাই মাত্র ১২ উইকেট। সর্বশেষ ৮ ম্যাচে যাঁর ১৭ উইকেট, তাঁর জন্য এটি তো ‘মাত্র’ই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি তিন ম্যাচেই ১২ উইকেট নিয়ে নেওয়াটাও স্টার্কের জন্য অসম্ভব নয়। কিন্তু না নিতে পারলে?
মিচেল স্টার্ককে তখন অপেক্ষায় থাকতে হবে প্রায় চার মাস। এই সিরিজের পর অস্ট্রেলিয়া আবার ওয়ানডে খেলবে আগামী জানুয়ারি মাসে। তখন পর্যন্ত অপেক্ষা করতে হলে এমনও হতে পারে, সাকলায়েনের রেকর্ডের বদলে মোহাম্মদ শামির রেকর্ড তাড়া করছেন স্টার্ক! স্টার্কের চেয়ে তিন ম্যাচ বেশি খেলেছেন শামি, উইকেট একটি কম। হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে গত বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে। তবে আগামী মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরবেন বলে আশা করছেন। দক্ষিণ আফ্রিকার দীর্ঘ এই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও আছে। এতে ১৩ উইকেট নিতে পারলেই শামি ভেঙে দেবেন সাকলায়েনের রেকর্ড।
স্টার্ক ও শামিই পুরোভাগে, তবে ইমরান তাহির ও মিচেল ম্যাকলেনাহানও যদি সাকলায়েনের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখেন, সেটিকে দিবাস্বপ্ন বলে উড়িয়ে দেওয়া যাবে না। যদিও তাঁদের কাজটা বেশ কঠিন।
ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন ম্যাচে স্টার্ক ১২ উইকেট নিয়ে নিলে তো হয়েই গেল। নইলে রেকর্ড ভাঙার খেলাটা খুব ভালো জমবে। আগামী জানুয়ারিতে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে যে মুখোমুখি হচ্ছেন স্টার্ক ও শামি। যে সিরিজের আবহসংগীত হয়ে যেতে পারে সাকলায়েনের রেকর্ড ভাঙার গান!