হুমকি-ধমকিতে ম্যাচ স্থগিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতি-বাধা কিংবা ক্রিকেটীয় কারণে নয়, পরশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম বিভাগ ক্রিকেটে অগ্রণী ব্যাংক ও উদয়াচল ক্লাবের ম্যাচটি হয়নি জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের হুমকি-ধমকিতে!

টসের পরই জাহাঙ্গীরনগরের কয়েকজন শিক্ষার্থী আম্পায়ার রফিকুল ইসলাম ও শাহ আলমকে হুমকি-ধমকি দিতে থাকেন। বিসিবির নিরাপত্তা সমন্বয়ক কামাল হোসেন বললেন, ‘অগ্রণী ব্যাংকের হয়ে কয়েকটা ছেলে আম্পায়ারদের হুমকি দেয় যে, তাদের দলের বিপক্ষে সিদ্ধান্ত দিলে মাঠ থেকে বেরোতে পারবে না।’

কামাল জানালেন, ঘটনার মূল হোতা জাকির হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। তাঁর নামে আশুলিয়া থানায় জিডিও করেছেন তিনি। জিডিতে জাকিরের সঙ্গে ক্রিকেটার কল্যাণ সমিতির (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পালের নামও আছে। কামালের অভিযোগ, ‘উনি সহায়তা না করে (দেবব্রত) আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।’ কিন্তু দেবব্রতের দাবি, ‘তাঁদের পূর্ণ সহায়তা করেছি, অথচ আমার নামে জিডি করা হয়েছে!’

ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম বললেন, ‘বাইলজ অনুযায়ী যা হয় সেটিই হবে। তবে আম্পায়ারদের এভাবে চলে আসাও ঠিক হয়নি।’