হৃদয় দিয়ে ক্রিকেট দেখেন যিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ান বোথামের সঙ্গে ফ্রেড রাফল। ছবি: সংগৃহীত।
ইয়ান বোথামের সঙ্গে ফ্রেড রাফল। ছবি: সংগৃহীত।

তিনি একজন ক্রিকেটপ্রেমী। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্ধ সমর্থক। আক্ষরিক অর্থেই তিনি একজন অন্ধ সমর্থক! ৭৭ বছর বয়সী ইংলিশ ক্রিকেট-ভক্ত ফ্রেড রাফল চোখে কিছু দেখতে পান না। তারপরও তিনি মাঠে এসে সমর্থন দেন ইংল্যান্ড দলকে। দলের সঙ্গে ঘুরে বেড়ান দেশ থেকে দেশান্তর। তিনি চোখে দেখেন না ঠিকই, কিন্তু ক্রিকেটটা কিন্তু তিনি উপভোগ করেন একেবারে হৃদয় দিয়ে।

জন্ম নিয়েছিলেন তিনি খুব অল্প দৃষ্টিশক্তি নিয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টি হারিয়ে ফেলেন একেবারেই। ছোটবেলায় অন্ধ শিশুদের স্কুলে ভর্তি হওয়ার পর দৃষ্টিহীনদের ক্রিকেটে হাতেখড়ি। টেস্ট ম্যাচের রেডিও ধারাভাষ্য শোনাটা সেই সময় থেকেই। ইংল্যান্ডের অন্ধ দলেও খেলেছেন কিছুদিন। পেশাগত জীবনে একসময় ছিলেন ইউনিভার্সিটি অব ইংল্যান্ডের সমাজসেবা বিভাগের বিভাগীয় প্রধান। তবে তাঁর আসল আনন্দ ক্রিকেটে। দৃষ্টিশক্তি নেই তো কী হয়েছ! রাফল ক্রিকেট উপভোগ করেন তাঁর শ্রবনশক্তি দিয়ে। ক্রিকেট বোধ আর খেলাটির প্রতি তাঁর ভালোবাসা থেকে।

ছোটবেলা থেকে ক্রিকেট খেলাটা এমন উপলব্ধির জায়গায় নিয়ে গেছেন যে টেলিভিশন কিংবা রেডিও ভাষ্যকারদের কথাতেই বুঝে যান মাঠে আসলে কী ঘটছে। প্রতিটি শটের নাম ও ফিল্ডিং পজিশন তাঁর হৃদয়দর্পণে। ভাষ্যকার যখন বলেন ব্যাটসম্যান পুল করেছেন, রাফল বুঝে যান কীভাবে ব্যাটসম্যান শটটি খেললেন, বল মাঠের কোন দিক দিয়ে সীমানার দিকে যাচ্ছে। বেশ অভিনব কায়দাতেই তিনি ক্রিকেট উপভোগ করেন এক কানে ইয়ারফোন দিয়ে তিনি শোনেন টেলিভিশনের ধারাভাষ্য। অন্য কানে সেই সনাতনী বিবিসি রেডিওর ধারাভাষ্য। দুই ধারাভাষ্যের সঙ্গে নিজের উপলব্ধি আর ক্রিকেটবোধ মিশিয়ে তিনি খেলার চমৎকার একটি দৃশ্য দাঁড় করান। এভাবেই বছরের পর বছর ধরে তিনি ক্রিকেটটাকে উপভোগ করে যাচ্ছেন, ক্রিকেটকে বানিয়ে নিয়েছেন নিজের দৃষ্টিহীন জীবনের অবলম্বন হিসেবে।

এ নিয়ে নবমবারের মতো ভারত সফর করছেন রাফল। অ্যালিস্টার কুকের দলের সঙ্গে এ নিয়ে তৃতীয়বার। ২০০৬ ও ২০১২ সালে ইংল্যান্ডের সিরিজ জেতার সেই দুটি সফরেও ভারতে ছিলেন।

ক্রিকেট সম্পর্কে অনেক কিছুই জানলেও কিছু ব্যাপারে তাঁকে কল্পনা-শক্তিরই আশ্রয় নিতে হয়। সেটা কী রকম? রাফলই বললেন, ‘আমি একজন ব্যাটসম্যানের চেহারা, গড়ন ইত্যাদি সম্পর্কে জানি না। ডেভিড গাওয়ার সম্পর্কে আমি বুঝতে পারি ধারাভাষ্য শুনে। ধারাভাষ্য শুনেই আমি জানি ইয়ান বোথাম দেখতে শক্তপোক্ত। সে বল খুব জোরে পেটাতে পারে।’

স্কুল থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসাটা জন্মে রাফলের, ‘আমরা স্কুলে দৃষ্টিহীনদের বিশেষ ধরনের ক্রিকেট খেলতাম। সেখানেই আমি ক্রিকেটের বিভিন্ন ব্যাপারের সঙ্গে আমার পরিচয় ঘটে। আমি খেলাটা খেলতে শিখি। এরপর থেকেই আমি এই খেলাটির গুণমুগ্ধ। ইংলিশ দৃষ্টিহীন দলেও আমি দুবার খেলেছি। এরপর থেকে আমি সব সময় ক্রিকেটের ধারাভাষ্য শুনে খেলাটি সম্পর্কে বেশি করে ধারণা নিয়েছি। এটি আমার ভালোবাসারই একটা ব্যাপার।’

বিশাখাপট্টনম টেস্টে রাফলকে সম্মানের সঙ্গেই বসানো হয়েছিল টেলিভিশন ধারাভাষ্যকারদের সঙ্গে। সেখানে ইয়ান বোথাম, মাইক আথারটন, নাসের হুসেইন, রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকার কিংবা লক্ষ্মণ শিবরাম কৃষ্ণরা দেখেছেন ক্রিকেটের প্রতি একজন বৃদ্ধের হৃদয় তোলপাড় করা ভালোবাসার নমুনা। সেখানে ধারাভাষ্যকারদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন। নিজের মতামত দিয়েছেন। সেবাযত্নও পেয়েছেন। কখনো বোথাম নিজে হাতে ধরে তাঁকে নিয়ে গেছেন বাথরুমে, কখনো আথারটন তাঁকে চা বানিয়ে খাইয়েছেন। এমনকি তাঁর সঙ্গে ছবিও তুলে রেখেছেন বিশ্বখ্যাত এই ভাষ্যকাররা। সূত্র: ডিএনএ ইন্ডিয়া।