হেডিংলিতে পাক-আফগান সমর্থকদের যুদ্ধ

>গতকাল হেডিংলিতে পাকিস্তান-আফগানিস্তান সমর্থকেরা বেশ উত্তেজনাকর সময় কাটিয়েছেন। খেলা নিয়ে উত্তেজনা ছাড়াও দুই দেশের সমর্থকেরা নিজেদের মধ্যে মারামারি করেছেন। খেলার আগে ও পরে মারামারি তো হয়েছেই। খেলা শেষে কিছু আফগান সমর্থক মাঠেও ঢুকেছিলেন।
দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবটা শেষ পর্যন্ত ক্রিকেট মাঠে এসেও পড়ল। ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে রাজনীতির প্রভাব তো চিরদিনের, এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু আফগানিস্তান-পাকিস্তানও যেন হঠাৎ করে সেদিকে গড়াচ্ছে। হেডিংলিতে কাল দুই দল যখন মাঠে ব্যাটে-বলে লড়ছে, গ্যালারিতে আর মাঠের বাইরে দুই দলের সমর্থকদের চলছে পাল্টাপাল্টি ধাওয়া, মারামারি। ম্যাচের আগে সেটি মাঠের বাইরে চলল, ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর গ্যালারিতে এবং ম্যাচ শেষে তা খেলার মাঠ পর্যন্ত গড়িয়েছে।
আফগানিস্তানের সমর্থকেরা শুধু প্রতিপক্ষ দেশের সমর্থকদের সঙ্গেই মারামারি করেই থামেননি, নিরাপত্তাকর্মীদের সঙ্গেও হাতাহাতিতেও জড়িয়েছেন। হেডিংলিতে শুরু হওয়া ম্যাচে বেশ কিছু আফগান দর্শক দেয়াল পেরিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেছেন। কিছু দর্শক টিকিট ছাড়া গ্যালারিতে গিয়ে বসেও ছিলেন। নিরাপত্তাকর্মীরা তাঁদের বের করে দিতে গেলে উল্টো চড়াও হয়ে ওঠেন। টুইটার বার্তায় বিষয়গুলো তুলে ধরেছেন এক আফগান সাংবাদিকই।
আর উত্তেজনায় ঠাসা ম্যাচটির ঝাঁজ ম্যাচ ম্যাচের শেষেও গ্যালারিতে ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে তো লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন দুই দেশের সমর্থকেরা। রীতিমতো নিজেদের মধ্যে কিক–বক্সিং প্রতিযোগিতায় নেমেছিলেন! একে ওপরের দিকে বোতল ও চেয়ারও ছুড়ে মেরেছেন। শেষ পর্যন্ত তো কিছু আফগান সমর্থক মাঠেও ঢুকে পড়েছিলেন। তাঁদের আক্রমণের লক্ষ্য ছিল পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। অবশ্য তার আগেই নিরাপত্তাকর্মীরা সে সমর্থককে ধরে ফেলেন।
গতকালের ম্যাচটি আফগানিস্তানের জন্য নিয়ম রক্ষার হলেও পাকিস্তানের জন্য ছিল ক্রিকেট বিশ্বকাপে টিকে থাকার লড়াই। উত্তেজনা ছড়ানো ম্যাচে ৩ উইকেটের জয় নিয়ে সেমিফাইনাল খেলার আশা এখনো বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। কিন্তু ম্যাচ শেষে যা ঘটেছে, তা জয়-পরাজয় ছাপিয়ে অনেক দূরে। আইসিসিও বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। শাস্তির খড়্গ নেমে আসতে পারে দুই দেশের সমর্থকদের ওপর।