
সেই হেডিংলি, প্রতিপক্ষ আবারও সেই শ্রীলঙ্কা। জেমস অ্যান্ডারসনের আক্ষেপ কি আবারও ফিরে আসছে?
২০১৪ সালের জুনে এই হেডিংলিতেই শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টটা খেলেছিল ইংল্যান্ড। পঞ্চম দিন জেমস অ্যান্ডারসন যখন ক্রিজে আসেন, তখনো দিনের খেলার ১২২ বল বাকি। ম্যাচ বাঁচাতে লড়ছে ইংল্যান্ড। মাটি কামড়ে উইকেটে পড়েছিলেন ১১ নম্বর ব্যাটসম্যান অ্যান্ডারসন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি, খেলা শেষ হওয়ার মাত্র এক বল বাকি থাকতে আউট হয়ে যান শামিন্দা এরাঙ্গার বলে। ১৯৯৮ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথম জয় পায় শ্রীলঙ্কা, দুই ম্যাচের সিরিজটাও জেতে ১-০ ব্যবধানে। শেষ মুহূর্তের ওই ভুলে অ্যান্ডারসন এতই ভেঙে পড়েছিলেন যে সেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঠিকঠাক কথাই বলতে পারেননি।
সেই হেডিংলিতেই আজ আরও একবার শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে অ্যান্ডারসনকে কি ওই দুঃস্মৃতি একটুও তাড়া করবে না?
অ্যান্ডারসনদের আক্ষেপের এই স্মৃতিটা শ্রীলঙ্কার জন্য আবার বড় প্রেরণা। ইংল্যান্ডের মাটিতে একাধিক ম্যাচের সিরিজে ওটাই ছিল শ্রীলঙ্কার প্রথম জয়। কিন্তু মাঝের এই দুই বছরে যে বদলে গেছে অনেক কিছু! ওই সিরিজে শ্রীলঙ্কার জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রাখা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে ‘সাবেক’ হয়ে গেছেন অনেক আগেই। বল হাতে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি উইকেট ছিল যাঁর সেই শামিন্দা এরাঙ্গা ২০১৪ সালের ডিসেম্বরের পর টেস্ট দলেই জায়গা পাননি। সাঙ্গাকারা-জয়াবর্ধনে-পরবর্তী যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে আসলেই হিমশিম খাচ্ছে শ্রীলঙ্কা। সর্বশেষ টেস্ট সিরিজেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে ২-০ ব্যবধানে।
উল্টো অবস্থা ইংল্যান্ডের। শ্রীলঙ্কার কাছে ওই সিরিজে হারার আগে অ্যাশেজও হেরেছিল ইংল্যান্ড। প্রশ্ন উঠেছিল অ্যালিস্টার কুকের টেস্ট অধিনায়কত্ব এমনকি দলে জায়গা নিয়েই। সেই কুকের অধীনে ইংল্যান্ড ফিরতি অ্যাশেজটা ৩-২-এ জিতে বদলা নিয়েছে, দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। ট্রেভর বেলিসের কোচিংয়ে বদলে যাওয়া এই ইংল্যান্ডের সামনে শ্রীলঙ্কা অবশ্যই পিছিয়ে থাকবে। ২০১৪ সালের ওই সিরিজে খেলা শ্রীলঙ্কান ওপেনার কুশল সিলভাও মেনে নিচ্ছেন সত্যটা, ‘আমরা সর্বশেষ সিরিজের স্মৃতিটা নিয়ে রোমাঞ্চিত। কিন্তু এটা নতুন একটা সিরিজ। এখন তো সাঙ্গা-মাহেলাও নেই। এবার তরুণদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে।’
দারুণ ফর্মে থাকার পরও কিছু দুশ্চিন্তার জায়গা আছে ইংল্যান্ডেরও। ব্যাট হাতে জো রুট, অ্যালিস্টার কুক ও বেন স্টোকসরা ছন্দে আছেন। কিন্তু ওপেনিং জুটিতে কুকের সঙ্গী অ্যালেক্স হেলস আর নিক কম্পটন রানের মধ্যে নেই। জেমস টেলরের হঠাৎ অবসরের পর দলে জায়গা পাওয়া হ্যাম্পশায়ারের জেমস ভিন্স কেমন করেন, সেটিও দেখার অপেক্ষায় থাকতে হচ্ছে।
তবে শেষ পর্যন্ত ফল যা-ই হোক ইংল্যান্ড যে এই সিরিজটা মনে মনে বদলার সুযোগ হিসেবে নিচ্ছে তা রাখঢাক না করেই বলে দিয়েছেন পেসার স্টুয়ার্ড ব্রড, ‘একটু প্রতিশোধের ব্যাপার তো আছেই। নিজের দেশে ওইভাবে সিরিজ হারলে আসলেই খুব কষ্ট লাগে। ওই আবেগটা তো থাকবেই এ সিরিজে।’ এএফপি।