হেনড্রিকসের বিশ্ব রেকর্ডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সিরিজের একদম শেষ ইনিংসেই যা একটু লড়ার আভাস দেখিয়েছিল প্রোটিয়ারা। টেম্বা বাভুমার ব্যাটিংয়ের সে লড়াই-ই কি তবে বদলে দিল দক্ষিণ আফ্রিকাকে। শ্রীলঙ্কাকে আজ ৭৮ রানে হারিয়ে দিয়েছে সফরকারীরা। এ জয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ফাফ ডু প্লেসির দল।
সিরিজ জয়ের গল্পে অবশ্য বাভুমার অন্তর্ভুক্তি অন্য কারণে। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেক সেঞ্চুরি করা সর্বশেষ ব্যাটসম্যান বাভুমা। তৃতীয় প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে সে তালিকায় যুক্ত হলেন রিজা হেনড্রিকস। ওয়ানডেতে তাঁর আগে এ কীর্তি করেছেন আরও ১৩ জন। তবে এই টপ অর্ডার ব্যাটসম্যান সবাইকে টপকে গেছেন রান তোলার গতিতে। ওয়ানডে অভিষেকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন হেনড্রিকসের।
মাত্র ৮ টি চার ও ১ ছক্কা মেরেছেন হেনড্রিকস। তবু ৮৮ বলে সেঞ্চুরি ছুঁতে কোনো সমস্যা হয়নি তাঁর। তবে হেনড্রিকস নয়, ঝড়ের পূর্বাভাস মিলেছিল হাশিম আমলার ব্যাটে। প্রথম ছয় ওভারের মধ্যেই আটবার সীমানা ছাড়া করেছেন বল। উদ্বোধনী জুটিতে ৪২ রানের মধ্যে কুইন্টন ডি ককের অবদান তাই মাত্র ২। ওই দুই ২ করেই আউট হয়েছেন ডি কক। আমলা-ঝড়ও থেমেছে তখন।
অভিষিক্ত হেনড্রিকসকে সঙ্গী পেয়ে রানের গতি কমিয়ে এনেছেন আমলা। তবে এর আগেই মাত্র ৩৯ বলে ৫০ ছুঁয়েছেন আমলা। এসবই ১০ ওভারের মধ্যে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়েছেন হেনড্রিকস। আর আমলার রান তোলার গতি কমেছে। ৫৯ রানের জুটি গড়ে আমলা (৫৯) ফিরে গেলে ইনিংসের নিয়ন্ত্রণ নেন হেনড্রিকস। জেপি ডুমিনিকে নিয়ে শ্রীলঙ্কান বোলারদের হতাশ করেছেন দীর্ঘ সময় ধরে। ৩৫তম ওভারেই বিশ্ব রেকর্ড গড়ে সেঞ্চুরি পাওয়ার পর অভিষেকে সর্বোচ্চ স্কোরের রেকর্ডের আশাও করা হচ্ছিল। কিন্তু পরের বলেই আউট!
হেনড্রিকস আউট হওয়ার পর দায়িত্ব সেরেছেন ডুমিনি। ৫১ বলে ফিফটি ছোঁয়া এই ব্যাটসম্যান পরের ১৯ বলে ৪২ রান করে দলের স্কোর সাড়ে তিন শ পার করেছেন। শ্রীলঙ্কাও পেয়েছে ৩৬৪ রানের লক্ষ্য।
শ্রীলঙ্কার মাটিতে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়তে হতো স্বাগতিক দলকে। ১২ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচের ফল নিয়ে আগ্রহ শেষ হয়ে গেছে। সাতে নামা ধনঞ্জয়া ডি সিলভা ৬৬ বলে ৮৪ রান করেছিলেন, তবে ৮ চার ও ৩ ছক্কার সে ইনিংসে ব্যবধানই শুধু কমেছে।