হেনরি-ম্যাককালামে ধ্বস্ত শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ১০ ওভারে শ্রীলঙ্কার রান ৫ উইকেট হারিয়ে ২৯।
প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ড বিনা উইকেটে ১০৮।
দুই দলের এমন বিপরীতমুখী শুরুর পর ম্যাচের বিজয়ী কে—সেটি বুঝে নিতে অসুবিধা হয় না। জয়ের ব্যবধানটাই মূলত কৌতূহল জাগায়। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে কাল ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ৭ উইকেটে জিতেছে, ১৭৪ বল হাতে রেখেই। অব্যবহৃত বলের হিসাবে ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় নিউজিল্যান্ডের।
জয়ের জন্য নিউজিল্যান্ডকে খেলতে হয়েছে মাত্রই ২১ ওভার। ওয়ানডের চাহিদা মিটিয়ে গাপটিল খেলেছেন তাঁর মতোই। ৯টি চার ও ৪টি ছয়ে ৫৬ বলে করেছেন ৭৯ রান। তাঁর ওপেনিং সঙ্গী অধিনায়ক ম্যাককালাম ছিলেন আরও বিধ্বংসী। আগামী ফেব্রুয়ারিতেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। তবে কাল ঘরের মাঠ ক্রাইস্টচার্চে ব্যাট হাতে যে আগ্রাসন দেখালেন ম্যাককালাম, তাতে কিউই ক্রিকেট মহল তাঁকে না টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলে যাওয়ার আকুতি জানায়!
১টি ছয় ও ১১ চারে ২৫ বলে ৫৫ করেছেন অধিনায়ক ম্যাককালাম। স্ট্রাইক রেট ২২০.০০! গাপটিলের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১০.১ ওভারে করেন ১০৮ রান। প্রথম ১০ ওভারে কিউইদের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ১১৬ রান এসেছিল এ বছরই, বিশ্বকাপে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে।
দুই শর নিচে লক্ষ্য আর রান তাড়া করতে এসে উড়ন্ত সূচনা—সহজেই দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন ল্যাথাম-টেলর-নিকোলসরা। ম্যাচের সেরা ম্যাট হেনরি। কেন? বল হাতে নিউজিল্যান্ডের জয়ের ভিতটা তো গড়ে দিয়েছিলেন তিনিই। মাত্র ২৭ বলের ব্যবধানে দিলশান, থিরিমান্নে, ম্যাথুস ও চান্ডিমলাকে ফিরিয়ে মেরুদণ্ড ভেঙে দেন লঙ্কান ব্যাটিং লাইনআপের। ৯.৪ ওভারেই ২৭ রানে ৫ উইকেট যায় সফরকারীদের। প্রথমে ব্যাট করা ম্যাচে ৫ উইকেট হারিয়ে এটাই সবচেয়ে কম রান শ্রীলঙ্কার।
একই ভেন্যুতে সিরিজের পরের ম্যাচ আগামীকাল। শ্রীলঙ্কা কি পারবে ঘুরে দাঁড়াতে?
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪৭ ওভারে ১৮৮ (সিরিবর্ধনা ৬৬, কুলাসেকারা ৫৮, চামিরা ১৩*; হেনরি ৪/৪৯, ব্রেসওয়েল ৩/৩৭, ম্যাকলেনাহান ২/৪০)।
নিউজিল্যান্ড: ২১ ওভারে ১৯১/৩ (গাপটিল ৭৯, ম্যাককালাম ৫৫, নিকোলস ২৩*, ল্যাথাম ১৮; সিরিবর্ধনা ২.৪৫, দিলশান ১/১০)।
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ম্যাট হেনরি।