হেয়ারকে 'পাগল' বললেন হরভজন!

শুরুটা করেছিলেন ড্যারেল হেয়ারই। ১৯৯৫ সালে বক্সিং ডে টেস্টে মুত্তিয়া মুরালিধরনকে বারবার ‘নো’ বল ডেকে তোলপাড় সৃষ্টি করেছিলেন অস্ট্রেলীয় আম্পায়ার। সে কবেকার কথা। আবারও একই বিষয় নিয়ে তোলপাড় সৃষ্টি করলেন হেয়ার। তবে এবার কথার মাধ্যমে। হেয়ারকেও পাল্টা জবাব দিতে দেরি করেননি হরভজন সিং। অস্ট্রেলীয় আম্পায়ারকে রীতিমতো ‘পাগল’ বলে ছেড়েছেন ভারতীয় এ স্পিনার!
কদিন আগে হেয়ার বলেছিলেন, অবৈধ বোলিং অ্যাকশন ধরতে আইসিসি ২০ বছর দেরি করে ফেলেছে। মন্তব্যটা এখানে সীমাবদ্ধ থাকলেও চলত। তিনি আঙুল তুললেন সাকলায়েন মুশতাক, মুত্তিয়া মুরলিধরন, হরভজনের মতো স্পিনারদের দিকে। এতে বেজায় চটেছেন হরভজন। বললেন, ‘এটা কিন্তু বাড়াবাড়ি। আমরা সীমা অতিক্রম করিনি। কিন্তু তিনি সীমা অতিক্রম করেছেন।’
ক্ষুব্ধ হরভজন ঝাঁজাল ভাষায় বললেন, ‘হেয়ার কি পাগল হয়ে গিয়েছেন? তাঁর এই কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের পেছনে সময় ব্যয় করার ইচ্ছা নেই। তিনি কি নিজেকে আইসিসির চেয়ে বড় ভাবছেন? যদি আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন আর একবার, আমাকে নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করেন, তা হলে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে হেয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’
সাকলায়েন, মুরালি, হরভজনের নাম উল্লেখ করে হেয়ার বলেছিলেন, আইসিসির উচিত ছিল অনেক আগেই এদের চাকিংয়ের জন্য শাস্তি দেওয়া। কারণ, ওই সময়ের স্পিনাররা তাদের দেখেই শেখার চেষ্টা করত। হরভজনের চটে যাওয়াই স্বাভাবিক। হরভজন আরও বলেছেন, ‘তিন-চারজন আন্তর্জাতিক বোলার চাকিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছে বলে হেয়ারকে কে অধিকার দিয়েছে সবাইকে এক সারিতে ফেলার? যাদের অ্যাকশন নিয়ে সমস্যা হয়েছে, তারা সেটা শুধরে নেবে।’ সূত্র: পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।