হেরাথেই হত ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবেন্দ্র বিশুর উইকেট দিয়ে শুরু, পুরো দিনে এল আরও ৩ উইকেট। টেস্টে ১০ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কপালে হারের তিলকটা এঁকে দিলেন রঙ্গনা হেরাথই l এএফপি
দেবেন্দ্র বিশুর উইকেট দিয়ে শুরু, পুরো দিনে এল আরও ৩ উইকেট। টেস্টে ১০ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কপালে হারের তিলকটা এঁকে দিলেন রঙ্গনা হেরাথই l এএফপি

শ্রীলঙ্কার মাটিতে এর আগের নয় টেস্টে জয় নেই একটিও। দশম টেস্টে জয়ের আশা তো মিলিয়ে গেছে তৃতীয় দিনেই, কাল চতুর্থ দিনে একটি ‘প্রথমে’রই দেখা পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এই প্রথম লঙ্কানদের কাছে ইনিংস ব্যবধানে হার। এতে ভেন্যু হিসেবে ইনিংস ব্যবধানে জয়-পরাজয় দেখার ১৪ বছরের অপেক্ষাও ফুরোলো গলের।
তৃতীয় দিন শেষেই হোল্ডারদের ললাটলিখনটা পড়া যাচ্ছিল। ৬৭ রান নিয়ে চতুর্থ দিনের শুরু, ইনিংস পরাজয় এড়াতে বাকি ৮ উইকেটে করতে হতো ১৬৬ রান। জার্মেইন ব্ল্যাকউড একাই যা একটু লড়লেন, দলকে বাঁচাতে যদিও পারলেন না। সেটি হতে দিলেন না আসলে রঙ্গনা হেরাথ। ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এক টেস্টে ১০ উইকেট নিয়ে ক্যারিবীয়দের ইনিংস ও ৬ রানে হারিয়ে দিলেন এই বাঁহাতি স্পিনারই।
দরকার ছিল দল হিসেবে খেলা। কিন্তু জার্মেইন ব্ল্যাকউড (৯২) ছাড়া দায়িত্বশীল ইনিংস আর কেউ খেলতে পারেননি। দরকার ছিল বড় জুটির, সেখানে সর্বোচ্চ দুই জুটি ষষ্ঠ ও সপ্তম উইকেটে ৪৮ ও ৩৬! প্রথম ইনিংসে দুই অঙ্কের ঘরে যাওয়া দশজনে ব্যতিক্রম ছিলেন ব্রাভো, আর দ্বিতীয় ইনিংসে ছয়জনের মধ্যে এক ব্ল্যাকউড।
কাল দিনের পঞ্চম ওভারেই আঘাত হানেন হেরাথ। প্রথমে তুলে নেন দেবেন্দ্র বিশুকে, পরের বলেই স্যামুয়েলসকে ফিরিয়ে মেরুদণ্ড ভেঙে দেন ক্যারিবীয়দের। শ্রীলঙ্কা এক ধাঁধাই হয়ে রইল স্যামুয়েলসের জন্য। দলটির বিপক্ষে ১৫ ইনিংসে তাঁর গড় ৯.৮৫, আটবারই আউট এক অঙ্কের ঘরে।
দিনের বাকি অংশটা পুরোই ব্ল্যাকউডের লড়াইয়ের গল্প। রামদিন ও অধিনায়ক হোল্ডারের সঙ্গে ষষ্ঠ ও সপ্তম উইকেটে ব্ল্যাকউডের জুটিতে হয়তো ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চের আগে-পরে ফিরে যান রামদিন ও হোল্ডার, তাঁদের দ্রুতই অনুসরণ করেন রোচ-টেলর। ব্ল্যাকউড পরে একটু হাত খুলে খেলেছেন। হেরাথের নয় বলে মেরেছেন দুটি চার ও দুটি ছক্কা। সেঞ্চুরির ৮ রান কাছে গিয়ে প্রসাদের বলটি তুলে দেন আকাশে। এই ৮টি রান পেলে গ্যারি সোবার্সের একটা কীর্তির পাশে বসতে পারতেন। ১৯৬৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষবার ফলোঅনের পরের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেছিলেন সোবার্স। ক্রিকইনফো।