টেস্টটা যে শ্রীলঙ্কাই জিতছে, সেটা অনুমান করা গিয়েছিল আগেই। আকাশেও ছিল না মেঘের ছিটেফোঁটা, যে প্রকৃতি বাধা হয়ে দাঁড়াবে। ম্যাচ বাঁচাতে অবিশ্বাস্য কিছু করতে হতো স্বাগতিক দলকে। সেসব কিছু হয়নি, সিরিজের দ্বিতীয় টেস্টটি ২৫৭ রানে জিতে জিম্বাবুয়েকে ধবলধোলাই করেছে রঙ্গনা হেরাথের দল।
হেরাথের দলই তো। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের ৮টি উইকেটই তাঁর। টেস্টে অধিনায়ক হিসেবে ইনিংস ও ম্যাচে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড এটি। সিরিজেও ১৯ উইকেট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। দুই টেস্টের সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ডটিও এখন তাঁর। কাল জিম্বাবুয়ের শেষ ৩ উইকেট তুলে নিয়ে তিনিই গুঁড়িয়ে দিলেন স্বাগতিকদের সব প্রতিরোধ।
কাল জিম্বাবুয়ের আশা হয়েছিলেন শুধু ক্রেগ আরভিন। কিন্তু দিনের ৭ম ওভারে আউট হওয়ার আগে আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৭ রান যোগ করতে পেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মূল ভরসাকে হারিয়ে খুব বেশিক্ষণ টেকেনি জিম্বাবুয়ে ইনিংস। ক্রিস্টোফার পোফু একটু চেষ্টা করলেও পরাজয়ের ব্যবধানটা আড়াই শর নিচে নামাতে পারেননি। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০৪ ও ২৫৮/৯ ডি.। জিম্বাবুয়ে: ২৭৩ ও ২৩৩ (আরভিন ৭২, উইলিয়ামস ৪৫; হেরাথ ৮/৬৩, ধনঞ্জয় ১/১০)। ফল: শ্রীলঙ্কা ২৫৭ রানে জয়ী।
সিরিজ: শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে বিজয়ী।