হেরাথের বৃত্ত পূরণের দিন
আগের টেস্টে দুই ইনিংসেই পেয়েছিলেন তিনটি করে উইকেট। রঙ্গনা হেরাথের কি মনে হচ্ছিল, সিরিজের এই শেষ টেস্টই সুযোগ! বয়স প্রায় ৩৯। আবার কবে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেলবেন, কে জানে!
সুযোগটা ইনিংসে ৫ উইকেট নেওয়ার। এর আগে কেবল জিম্বাবুয়ের বিপক্ষেই কখনো ইনিংসে ৫ উইকেট পাননি শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার। কাল হারারেতে বৃত্তটা পূরণ করে ফেললেন হেরাথ। সব টেস্ট প্রতিপক্ষের বিপক্ষেই ইনিংসে ৫ উইকেট। যে কীর্তি ছিল শুধু মুত্তিয়া মুরালিধরন ও ডেল স্টেইনের।
হেরাথের সঙ্গে দিলরুয়ান পেরেরার ঘূর্ণি, পাশাপাশি নিজেদের খামখেয়ালি ব্যাটিং—আগের দিন শেষ বিকেলে প্রতিরোধ গড়া জিম্বাবুয়ের প্রথম ইনিংস তাতেই শেষ ২৭২ রানে। শেষ ৫ উইকেট জিম্বাবুয়ে হারিয়েছে মাত্র ১৯ রানে!
তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কাও ১০২ তুলতে হারিয়েছে ৪ উইকেট। তবে লিডের আকার এরই মধ্যে ৩৩৪ রানের। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে একমাত্র উজ্জ্বল দিক দিমুথ করুনারত্নে। সিরিজে টানা তৃতীয় ফিফটি করে অপরাজিত লঙ্কান ওপেনার। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১ম ইনিংস ৫০৪ ও ২য় ইনিংস ৪০ ওভারে ১০২/৪ (করুনারত্নে ৫৪*, থারাঙ্গা ১৭; মুম্বা ৩/৩১)
জিম্বাবুয়ে ১ম ইনিংস ২৭২ (চারি ৮০, আরভিন ৬৪, উইলিয়ামস ৫৮; হেরাথ ৫/৮৯, দিলরুয়ান ৩/৫১)