চোখরাঙানি দিচ্ছিলেন আগের দিন থেকেই। কাল তো দেখা গেল তাঁর ভয়ংকর মূর্তি। এক রঙ্গনা হেরাথের বাঁহাতি স্পিনই সামলাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ফলোঅন, দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারকে হারিয়ে দিন শেষে ক্যারিবীয়রা করেছে ৬৭ রান, ইনিংস পরাজয় এড়াতেই দরকার আরও ১৬৬ রান।
পরশুর ২ উইকেটের সঙ্গে কাল হেরাথের শিকার আরও পাঁচটি। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে একটা কীর্তিও গড়লেন রন‘গল’হেরাথ—গলে এটি তাঁর অষ্টমবারের মতো ৫ উইকেট শিকার। কোনো এক ভেন্যুতে এর চেয়ে বেশি ৫ উইকেট আছে আর একজনেরই—মুত্তিয়া মুরালিধরন।
প্রথম ইনিংসে শ্যানন গ্যাব্রিয়েল ছাড়া দুই অঙ্ক পেরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ১০ ব্যাটসম্যানই। ড্যারেন ব্রাভো ছাড়া সেটিকে আর কেউ ‘ভদ্রস্থ’ রূপ দিতে পারেননি। ফিফটি করেছেন ব্রাভো, সর্বোচ্চ রান এসেছে ৮ম উইকেট জুটিতে (৪৬)! অবশ্য ব্যাপারটা এখন নিয়মিতই হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সঙ্গে সর্বশেষ টেস্টের দুই ইনিংস ও কালকের প্রথম ইনিংস—এ নিয়ে টানা ৩ ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান এসেছে ৮ম বা ৯ম জুটিতে।
১৭১ রানে ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ৮ম ও ৯ম উইকেটে ৩০ পেরোনো জুটিতে একটা সময় ফলোঅন এড়ানোর স্বপ্নও দেখছিল। তাতে বাদ সাধলেন সেই হেরাথই। পর পর দুই বলে রোচ ও বিশুকে ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দিলেন ফলোঅন থেকে ৩৪ রান দূরে।
আকাশে কালো মেঘ দেখেই হয়তো ক্যারিবীয়দের আবার ব্যাটিংয়ে পাঠান অ্যাঞ্জেলো ম্যাথুস। পরাজয়ের যে কালো মেঘ ঘনিয়ে উঠেছে, তা কি সরাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ? ক্রিকইনফো।