হেরাথের 'অনেক প্রথমে'র হ্যাটট্রিক, অস্ট্রেলিয়ার কাঁপাকাঁপি

টেস্ট ক্রিকেট এখন পর্যন্ত ৪২টি হ্যাটট্রিক দেখেছে। মাত্র দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে সর্বশেষ আজ সেটি করলেন রঙ্গনা হেরাথ। তবে বাকি সব হ্যাটট্রিকের চেয়ে সেটি একটু ব্যতিক্রমই। ডিআরএস না থাকলে যে হ্যাটট্রিকটা হতো না! গল টেস্টের দ্বিতীয় দিনেই শ্রীলঙ্কার ২৮১ রান তাড়া করে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গেছে ১০৬ রানে। ডিআরএস আবেদনে পাওয়া হ্যাটট্রিক এটাই প্রথম।
হেরাথের সপ্তম ওভারের প্রথম তিন বলে অ্যাডাম ভোজেস কোনো রান নিতে পারেননি। চতুর্থ বলে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দিলেন। করুনারত্নের ক্যাচটাও ছিল দুর্দান্ত। পরের বলে পিটার নেভিলের এলবিডব্লুতে আঙুল তুলে দিতেও আম্পায়ারকে দুবার ভাবতে হয়নি। হ্যাটট্রিক বলে মুখোমুখি মিচেল স্টার্ক, হেরাথের বলটা স্টার্কের প্যাডেই লাগল। শ্রীলঙ্কার বোলাররা সমস্বরে চেঁচিয়ে উঠলেন, কিন্তু আম্পায়ার আঙুল তুললেন না।
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস একটু দ্বিধা নিয়েই রিভিউ করার সিদ্ধান্ত নিলেন, মাত্র একটাই যে রিভিউ বাকি ছিল। ভুল হয়ে গেলে রিভিউয়ের সুযোগ মিলবে না আর। নেবেন কি নেবেন না করতে করতে একেবারে শেষ মুহূর্তে রিভিউ নিলেন। ভাগ্যিস নিয়েছিলেন, নইলে তো হেরাথের হ্যাটট্রিকটাই পাওয়া হতো না!
১৯৯৯ সালে শ্রীলঙ্কার নুয়ান জয়সা হারারেতে হ্যাটট্রিক করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগে ও পরে শ্রীলঙ্কার আর কেউ সেই কীর্তি করতে পারেননি। আর টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে হ্যাটট্রিক হয়েছিল আটটি। হেরাথের আগে সর্বশেষ সেটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন লসন। তবে আরেকটা দিক দিয়েও হেরাথের হ্যাটট্রিকটা বিশেষ কিছু। টেস্ট ইতিহাসেই যে এর চেয়ে বেশি বয়সে আর কেউ হ্যাটট্রিক করতে পারেনি! হেরাথ এই কীর্তি করলেন ৩৮ বছর বয়সে এসে।
তবে হেরাথ নয়, সকালে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দিয়েছেন দিলরুয়ান পেরেরা, দিনের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দিয়েছেন উসমান খাজাকে। পরের ওভারেই হেরাথের প্রথম শিকার স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিরে গেছেন ৫ রানেই। এর পর তো হেরাথের ওই হ্যাটট্রিক। পরে নাথান লায়ন ও জস হ্যাজলউডকেও ফিরিয়ে দিয়েছেন দিলরুয়ান। মিচেল মার্শকে আউট করে অস্ট্রেলিয়ার লেজ মুড়ে দিয়েছেন সান্দাক্যান। হেরাথের পাশাপাশি দিলরুয়ান নিয়েছেন চার উইকেট।