হেরে সিরিজ হারানোর ঝুঁকিতে ভারত

রাঁচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া করেছিল ৮ উইকেটে ১১৮। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা ভারত জেতে ৯ উইকেটে। মঙ্গলবার গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত অলআউট ঠিক ১১৮ রানেই। সহজ এই লক্ষ্যটা ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে সমতা এনেছেন ওয়ার্নাররা। কোহলিদের যেখানে সুযোগ ছিল আজ সিরিজ নিশ্চিত করা, উল্টো তাঁরাই এখন সিরিজ হারানোর ঝুঁকিতে!
সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয় জেসন বেহরেনডর্ফের। ১ ওভারে ৫ রান দিয়ে উইকেটশূন্য থাকায় স্মরণীয় হয়নি অভিষেকটা। দুর্দান্ত বেহরেনডর্ফকে দেখা গেল আজ। ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের। আর তাতেই বিধ্বস্ত ভারত। ভারতের টপ অর্ডারের চারজনই বেহরেনডর্ফের শিকার। প্রথম ওভারেই রোহিত শর্মা ও বিরাট কোহলি। পরের দুই ওভারে মনিশ পান্ডে ও শিখর ধাওয়ানকে তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী বাঁহাতি পেসার। ২৭ রানেই ৪ উইকেট হারানো ভারত আর এগোতে পারেনি স্বচ্ছন্দে। কুলদীপ যাদবের ২৭ ও হার্দিক পান্ডিয়ার ২৫ রানের সুবাদে কোনোভাবে ১০০ পেরিয়েছে ভারত।
১১৯ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। ১৩ রানের মধ্যে হারায় দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারকে। তবে ময়েস হেনরেকিস-ট্রেভিস হেডের অসাধারণ ব্যাটিংয়ে বাকি পথটা পাড়ি দিতে সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। দুজনের ১০৯ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট দলকে এনে দেয় বড় জয়। অস্ট্রেলিয়ার এই জয়ে ১৩ অক্টোবর হায়দরাবাদে সিরিজের শেষ টি-টোয়েন্টি রূপ নিল ফাইনালে।