হেরেই চলেছে ওল্ড ডিওএইচএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ম্যাচে ১২ পয়েন্ট। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আপাতত শীর্ষে প্রাইম ব্যাংক। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান করছিল কলাবাগান একাডেমি ও লিজেন্ডস অব রূপগঞ্জ। টানা তৃতীয় জয়ে এই দুই ক্লাবের পাশে বসেছে আবাহনীও। ফতুল্লায় কাল ওল্ড ডিওএইচএসকে ১৬৬ রানে হারিয়ে সপ্তম ম্যাচে পঞ্চম জয় পেয়েছে আবাহনী। উল্টো দিকে ওল্ড ডিওএইচএস হারল টানা ৭ ম্যাচ। কাল বিকেএসপির অন্য দুই ম্যাচে জিতেছে ভিক্টোরিয়া ও ব্রাদার্স।
কুয়াশার কারণে ফতুল্লার আবাহনী-ওল্ড ডিওএইচএস ম্যাচটি হয়ে যায় ৪৯ ওভারের। শেষ ৪ ওভারে ৫১ রান, ৪৯ ওভারে আবাহনীর রান ২৯৭। কোনো সেঞ্চুরি নেই, তবে ফিফটি পেয়েছেন ওপেনার লিটন দাস (৬১ বলে ৬৬) এবং জাতীয় দলের বাইরে থাকা দুই ব্যাটসম্যান রকিবুল হাসান (৭৩ বলে ৫৬) ও নাসির হোসেন (৪৯ বলে ৬০)। এরপর অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে চামারা সিলভা ও আল আমিন ৬২ বলে ৮০ রান যোগ করেন। জবাবে ওল্ড ডিওএইচএস অলআউট ১৩১ রানে।
বিকেএসপিতে কলাবাগান ক্রীড়াচক্রকে ১২২ রানে অলআউট করার পর ১২৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই জিতেছে ভিক্টোরিয়া। বিকেএসপির অন্য ভেন্যুও জয় দেখেছে ৭ উইকেটে। পারটেক্সকে ১৮৩ রানে অলআউট করে ৩৭ বল হাতে রেখেই জিতে যায় ব্রাদার্স।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-ওল্ড ডিওএইচএস, ফতুল্লা
আবাহনী: ৪৯ ওভারে ২৯৭/৫ (লিটন ৬৬, নাসির ৬০, রকিবুল ৫৬, আল আমিন ৩৫*, সিলভা ৩৩*; নেহাদুজ্জামান ২/৫৩)। ওল্ড ডিওএইচএস: ৪৫.৩ ওভারে ১৩১ (নেহাদুজ্জামান ৪৩, শাফাক ২০; অপু ৩/১৩, মোস্তাফিজুর ২/১৭, জিয়া ২/১৯)।
ফল: আবাহনী ১৬৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল অপু।
ব্রাদার্স-পারটেক্স, বিকেএসপি-৩
পারটেক্স: ৫০ ওভারে ১৮৩ (মেহরাব জু. ৬২, আরমান ৩৩; শাহাজাদা ৩/৩৩, আসিফ ২/৩২)। ব্রাদার্স: ৪৩.৫ ওভারে ১৮৭/৩ (নাজিমউদ্দিন ৬৮, লিয়াম ৫৬*, রোমান ২৩*, ইয়াসির ২২; আজিম ২/৩৪)।
ফল: ব্রাদার্স ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাজিমউদ্দিন।
ভিক্টোরিয়া-কলাবাগান কেসি, বিকেএসপি-৪
কলাবাগান কেসি: ৪৩.২ ওভারে ১২২ (শামসুর ৩৪, জুপিটার ১৯; হায়দার ৩/২০, কামরুল ৩/২৭)। ভিক্টোরিয়া: ২৯ ওভারে ১২৩/৩ (ধীমান ৪৪, মার্শাল ৩৫*; রকিবুল ২/১৮)।
ফল: ভিক্টোরিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কামরুল ইসলাম।