হেরেই চলেছে 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ ওভারে ৮০ রান—কী দুর্দান্ত ব্যাটিংটাই না করছিল বাংলাদেশ ‘এ’ দল! কিন্তু ওই ৮০ রান তুলতেই যে পড়ে গিয়েছিল ৫ উইকেট! ১৭৮ রানের জবাবে এরপর ফলাফল যা হওয়ার তাই হলো। আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে হওয়া ৫০ ওভারের ম্যাচে কাল নর্দানস একাডেমি দলের বিপক্ষে ১১ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’।
সফরের শুরু থেকেই ব্যাটসম্যানদের খামখেয়ালি ব্যাটিং চলছে। দলের ম্যানেজার হাবিবুল বাশার তো বলেই দিয়েছেন, কারও মধ্যে ভুল শোধরানোর চেষ্টা নেই। এই ধারাবাহিকতা টিকে থাকল কালও। তবে এদিন আর ব্যাটিং নিয়ে কিছু বলতে রাজি হলেন না হাবিবুল। মুঠোফোনে শুধু বললেন, ‘আমি নির্বাক। বলার মতো কিছু নেই।’
অথচ শুরুতে সুন্দর একটা দিনের সম্ভাবনাই জেগেছিল। স্বাগতিকেরা অলআউট হয়ে গিয়েছিল ১৭৮ রানে। আল আমিন, কামরুল ইসলাম রাব্বী ও মোহাম্মদ শহীদ—তিন পেসারই পেয়েছেন দুটি করে উইকেট। দুই স্পিনার সাকলাইন সজীব ও মাহমুদুল হাসানের উইকেট একটি করে। বোলাররা নিয়মিত উইকেট তুলে নেওয়ায় একটাও বড় জুটি হয়নি স্বাগতিক একাডেমি দলের, সর্বোচ্চ জুটি চতুর্থ উইকেটে ৪১।
কিন্তু বোলারদের এনে দেওয়া সাফল্যের ব্যাটনটা হাত থেকে ফেলে দেন ব্যাটসম্যানরা। সৌম্য সরকার (২১)-রনি তালুকদারের (৩৩) ৪৩ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হলেও এরপর ৫১ রানের মধ্যে পড়েছে ৭ উইকেট। অষ্টম উইকেটে শহীদ (৩৮)-মাহমুদুল হাসানের (৩৫) লড়াকু জুটিতে ৬০ রান যোগ হলেও এড়ানো যায়নি হার।
দক্ষিণ আফ্রিকা সফরে এ পর্যন্ত দুটি ৫০ ওভারের ও একটি তিন দিনের ম্যাচ খেলে সব কটিতেই হারল বাংলাদেশ ‘এ’ দল। আজ টাইটানসের বিপক্ষে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও কী অপেক্ষা করছে, কে জানে!